সব উপজেলা কার্যালয় ও কর্মকর্তার বাসভবনের নিরাপত্তায় আনসার মোতায়েন
উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১৯:১০
দেশের সব জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কার্যালয় ও বাসভবনের নিরাপত্তার স্বার্থে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। একজন প্লাটুন কমান্ডারসহ ৪ জন আনসার সদস্যকে দুটি অস্ত্রসহ নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যালয় ও বাসভবনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
যশোরে আনসার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের জেলা কমান্ড্যান্ট ড. লুৎফর রহমান। তিনি বলেন, সংশ্লিষ্ট জেলা কমান্ড্যান্ট অস্ত্র-গুলির নিরাপত্তা পূর্বক যথা নিয়মে আনসার অন্তর্ভুক্তির বিষয়টি সমন্বয় করছেন। যশোর জেলায় ইতোমধ্যে মোতায়েন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
দেশের উপজেলা কার্যালয়গুলোতে আনসার নিয়োগের বিষয়টি শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পূলক কুমার মন্ডলও নিশ্চিত করেছেন । এদিকে গাইবান্ধায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে জেলার ৭ উপজেলার ইউএনও’র কার্যালয় এবং তাদের বাসভবনে আনসার সদস্য মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গাইবান্ধা জেলা সহকারী কমান্ডার মো. তৌদিদুজ্জামান। তিনি জানান, প্রত্যেক উপজেলার ইউএনওদের নিরাপত্তার স্বার্থে ১০ জন করে সশস্ত্র আনসার সদস্য মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশনায় ইতোমধ্যে সাত উপজেলাতে চার জন করে মোট ২৮ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। আপাতত ইউএনও’র কার্যালয় এবং তাদের বাসভবনে সদস্যরা দায়িত্ব পালন করবেন।
আগামী রবিবার থেকে প্রতিটি উপজেলায় অস্ত্র-গুলির নিরাপত্তা পূর্বক হেডকোয়ার্টার এবং ইউএনওদের সঙ্গে আলোচনা করে একজন পিসি, একজন এপিসি ও ৮ জন আনসারসহ মোট ১০ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে বলে জানান তিনি। এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নবীনেওয়াজ জানান, বিকাল থেকে ৪ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। তাদের দায়িত্ব পালনে তার বাসভবন ও কার্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয়েছে।
গত বুধবার (০২ সেপ্টেম্বর) রাতে সরকারি বাসভবনের ভেনটিলেটর ভেঙে বাসায় ঢুকে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ইউএনও’র মাথায় গুরুতর আঘাত এবং তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করা হয়। এ কারণে দেশের সব ইউএনওদের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

