সীমান্তে চোরাচালান বন্ধ না হলে হত্যা বন্ধ হবে না: রিভা গাঙ্গুলী
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০। আপডেট ২০:০০
সীমান্ত হত্যাকাণ্ডের জন্য এবার ‘সন্ত্রাসী কার্যক্রম ও চোরাচালানকে’ দায়ী করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী। তিনি বলেছেন, ‘সীমান্তে প্রতিনিয়তই সন্ত্রাসী কর্মকাণ্ড ও চোরাচালানের ঘটনা ঘটছে। এসব বন্ধ না করা গেলে হত্যা বন্ধ হবে না।’ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর আত্রাইয়ের গান্ধী আশ্রম ও রবীন্দ্রনাথের কাচারিবাড়ি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এসময় বাংলাদেশ-ভারত সম্প্রীতির সম্পর্ক অটুট থাকবে উল্লেখ করে রিভা আরও বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও মহাত্মা গান্ধী দু’জনেই ছিলেন অসাম্প্রদায়িক চেতনার। সেই চেতনা ধারণ করে সম্প্রীতির বন্ধনে এগিয়ে যাবে বাংলাদেশ-ভারত। দু’দেশের সম্পর্ক উন্নয়নে এই দুই মহামানবের অসামান্য অবদানের কথাও স্বীকার করেন তিনি।
এসময় অন্যান্যের মধ্যে রাজশাহী বিভাগের নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জিব কুমার ভাট্টি, অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দীনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

