করোনায় আরও ৪১ জনের মৃত্যু, সুস্থ ২৭৪৬
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ১৫:১৫
দেশে করোনাভাইরাস শনাক্তের ১৮৭তম দিনে আরও ৪১ জন মৃত্যুবরণ করেছেন। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৪৬ জন। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যুবরণ করেছেন ৪ হাজার ৬৩৪ জন। করোনা শনাক্তের বিবেচনায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মৃত্যুর হার ১ দশমিক ৩৯ শতাংশ। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৭৪৬ জন। গতকালের চেয়ে ২৪৯ জন কম সুস্থ হয়েছেন। গতকাল সুস্থ হয়েছিলেন ২ হাজার ৯৯৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৩৩ হাজার ৫৫০ জন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৫ হাজার ৫৫৯ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৮৯২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে এদিন ৬৫ জন বেশি শনাক্ত হয়েছেন। গতকাল ১৪ হাজার ৭৭৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ১ হাজার ৮২৭ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ১৬ শতাংশ।
দেশে এ পর্যন্ত মোট ১৬ লাখ ৯০ হাজার ১১ জনের নমুনা পরীক্ষায় ৩ লাখ ৩২ হাজার ৯৭০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৭০ শতাংশ।

