বাংলাদেশকে ১ লাখ ১০ হাজার ডোজ টিকা বিনামূল্যে দেবে চীন

বাংলাদেশকে ১ লাখ ১০ হাজার ডোজ টিকা বিনামূল্যে দেবে চীন

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ‌২১:২০

বাংলাদেশকে করোনাভাইরাসের সম্ভাব্য টিকার এক লাখ দশ হাজার ডোজ বিনামূল্যে দেবে চীন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত একটি প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)-এর নির্বাহী পরিচালক জন ডি ক্লেমেন্স।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে করোনার টিকার ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা করছে বেইজিংভিত্তিক সিনোভ্যাক বায়োটেক। রাজধানী ঢাকায় ৪ হাজার ২০০ জনের ওপর তাদের তৈরি করোনা টিকার পরীক্ষা চলছে। আর এই পরীক্ষায় চীনকে সহযোগিতা করছে আইসিডিডিআর,বি।

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক জন ডি ক্লেমেন্স জানান, বাংলাদেশকে টিকার এক লাখ ১০ হাজার ডোজ বিনামূল্যে দিতে রাজি হয়েছে চীনা কোম্পানি সিনোভ্যাক।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ কোটি জনগণের দেশে এই সংখ্যাটা অবশ্য খুবই নগণ্য। টিকার পরীক্ষায় অংশগ্রহণ করলেও বাংলাদেশিদের আশঙ্কা দেশের সব মানুষের জন্য টিকা নিশ্চিত করতে হয়ত মূল্য পরিশোধ করতে হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজির অধ্যাপক মো. সায়েদুর রহমান বলেছেন, যদি বিশ্বের কোনও ব্যক্তি পেটেন্ট রাইটস এবং লাভের জন্য করোনার টিকা থেকে বঞ্চিত হয়, তাহলে সেটি হবে এই শতাব্দীর সবচেয়ে বড় অন্যায়।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়া থেকে আফ্রিকা পর্যন্ত টিকার মাধ্যমে চীন বন্ধুত্ব বাড়াতে চাইছে। ফিলিপাইনকে দ্রুত টিকা সরবরাহ করা হবে এবং লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের দেশগুলোকে করোনার ওষুধ কিনতে ১০০ কোটি ডলার ঋণ দিতে যাচ্ছে চীন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, দক্ষিণ এশিয়ায় চীনের প্রবণতা নিয়ে সন্দিহান ভারত। তারা বাংলাদেশ ও নেপালকে টিকা সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, টিকা সরবরাহের বিষয়ে একচেটিয়া আচরণ করবে না চীন। এছাড়া কূটনৈতিক অস্ত্র হিসেবে টিকাকে ব্যবহার করার দাবিও অস্বীকার করেছে তারা। তথ্য সহায়তা বাংলাট্রিবিউন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading