সুশান্ত-মাদক মামলায় দীপিকাকে ডাকতে পারে এনসিবি!
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০ । আপডেট : ১৪:৩৮
সুশান্তের মৃত্যু মামলায় এ বার বলিউড-অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে ডেকে পাঠাতে পারে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ইন্ডিয়ার একটি ইংরেজি নিউজ চ্যানেল গতকাল (২১ সেপ্টেম্বর) সোমবার রাতে তেমনই দাবি করেছে।
সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু মামলায় মাদক-যোগে এনসিবি ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের পর সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই শৌভিককে গ্রেফতার করেছে। এ বার সেই সূত্রে অন্যদেরও ডাক পড়ছে। সুশান্তের ঘটনায় ডাক পড়েছে সারা আলি খান এবং শ্রদ্ধা কপূরেরও। ঘটনাচক্রে, যাদের বাবার নাম যথাক্রমে সইফ আলি খান এবং শক্তি কপূর। অর্থাৎ, দু’জনেই কঙ্গনা রানাউত বর্ণিত ‘স্টার কিড’। তবে তালিকায় দীপিকার নাম এসে যাওয়া নিঃসন্দেহে গোটা ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে। যদিও এ দিন রাত পর্যন্ত দীপিকার তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। সোশ্যাল মিডিয়াতেও নয়। তার টুইটারে শেষ পোস্ট করা হয়েছে গত ১৯ জুলাই। দীপিকার নাম এসেছে করিশ্মা নামের এক জনের সঙ্গে তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্রে। তাঁকে বুধবার এনসিবি ডেকে পাঠিয়েছে বলে খবর। তাঁর নাম মিলেছে সুশান্তের ঘনিষ্ঠ জয়া সাহার সূত্রে। যাঁকে সোমবার জেরা করেছে এনসিবি। মঙ্গলবারও করবে।
প্রসঙ্গত, করিশ্মা জাতীয় পুরস্কার জয়ী প্রযোজক মধু মন্টেনার ট্যালেন্ট হান্ট সংস্থায় কাজ করেন। যে সূত্রে মন্টেনাকেও ডেকে পাঠাবে এনসিবি।
সম্প্রতি কয়েক জন বলি-তারকার হোয়াটস্অ্যাপ চ্যাট এনসিবি-র হাতে আসে। সেখানে ‘ডি’ এবং ‘কে’ আদ্যাক্ষরের দু’টি নামের কথা জানা যায়। মাদক প্রসঙ্গে তাদের মধ্যে একাধিক বার কথা চালাচালি হয়েছে বলে দাবি করে এনসিবি। এর পরেই শোরগোল পড়ে। কে এই ‘ডি’? ‘কে’ই বা কে? বলিউডের একাংশের দাবি, ‘ডি’ আসলে দীপিকা পাড়ুকোন। আর ‘কে’ হচ্ছেন করিশ্মা। ‘কে’কে বুধবার ডেকে পাঠানো হয়েছে। পাশাপাশি ‘ডি’ অর্থাৎ দীপিকাকেও সমন পাঠানো হবে বলে খবর। করিশ্মা কাজ করেন ‘কওয়ান ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি’তে। সেই সূত্রেই তাঁর দীপিকার সঙ্গে কথা হত। কারণ, মন্টেনার ওই সংস্থায় দীপিকার ম্যানেজার ছিলেন করিশ্মা।
ঘটনাচক্রে, মন্টেনার একটা টলিউড যোগও আছে। তবে তার সঙ্গে মাদকের কোনও যোগ নেই। সৃজিত মুখোপাধ্যায়ের প্রথম ছবি ‘অটোগ্রাফ’-এর সহ-প্রযোজক ‘কওয়ান ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি’র কর্ণধার মন্টেনা। ওই ছবির নায়িকা নন্দনা সেনের বন্ধু ছিলেন তিনি। পরে মন্টেনা বিয়ে করেন ভিভ রিচার্ডস ও নীনা গুপ্তের মেয়ে মাসাবাকে। যদিও পরে তাদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়।
সুশান্তের অস্বাভাবিক মৃত্যুর পর নিজের অবসাদের কথা ইনস্টাগ্রামে লিখেছিলেন দীপিকা। তখনও তাকে কটাক্ষ করেছিলেন কঙ্গনা। ‘অবসাদের নামে ব্যবসা চালাচ্ছে’ এমন মন্তব্যও করতে শোনা গিয়েছিল তাকে।

