করোনা মোকাবিলায় সার্কের দেশগুলোকে এক হয়ে কাজ করার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

করোনা মোকাবিলায় সার্কের দেশগুলোকে এক হয়ে কাজ করার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১৩:২০

কোভিড-১৯ থেকে সৃষ্ট চ্যালেঞ্জগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য সার্ক ব্যবস্থাকে কাজে লাগিয়ে আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে সংগঠনের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক হয়ে কাজ করার এবং সহযোগিতার নতুন সুযোগগুলো ব্যবহার করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সার্ক কাউন্সিলের অনানুষ্ঠানিক এক ভার্চুয়াল বৈঠকে বক্তব্য প্রদানকালে তিনি বলেন, ‘কোভিড-১৯ সহযোগিতার নতুন ক্ষেত্রগুলোর সাথে অনেক নতুন নতুন সুযোগ উন্মুক্ত করবে। যদিও বিদ্যমান অনেক খাত আংশিক বা পুরোপুরি হারিয়ে যেতে পারে বা সেগুলোর প্রাসঙ্গিকতা আগের মতো নাও থাকতে পারে।’

সার্ককে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে কার্যকরভাবে সংস্থাটির বিভিন্ন কর্মপরিকল্পনা পুনর্বিবেচনার প্রয়োজনীয়তার ওপর জোর দেন ড. মোমেন।

কোভিড-১৯ পরবর্তী সময়ে খাদ্য ও কৃষি, জনস্বাস্থ্য, আইসিটি, বাণিজ্য ও বিনিয়োগের মতো খাতগুলোতে আরও বেশি নজর দেয়ার প্রয়োজন রয়েছে বলে মত দেন তিনি।

এছাড়া, সার্কের অন্যান্য অধীস্থ কার্যনির্বাহী প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সুপারিশ নিয়মিত করার জন্য পররাষ্ট্র সচিবদের সভার মতো কার্যকর কিছু সভা আয়োজনের বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের সাইডলাইনের এ বৈঠকে, সাধারণ মানুষের সম্মিলিত সুবিধার জন্য দক্ষিণ এশিয়ার প্রতিবেশী রাষ্ট্রগুলোর একসাথে কাজ করা নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের কথা তুলে ধরেন ড. মোমেন।

এসময় তিনি চলতি বছরের মার্চে অনুষ্ঠিত সার্ক নেতাদের ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া প্রস্তাব পুনর্ব্যক্ত করেন। যেখানে কোভিড-১৯-এর পাশাপাশি ভবিষ্যতে অনুরূপ জনস্বাস্থ্যের যেকোনো হুমকি মোকাবিলায় সার্কের সব সদস্য রাষ্ট্রের সমর্থন নিয়ে ঢাকায় একটি সার্ক পাবলিক হেলথ রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। -ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading