ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
উত্তরদক্ষিণ । শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ২০:১০
ঢাকাগামী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে ট্রেন চলা-চল সাময়িক বন্ধ হওয়ার পর বগি উদ্ধার ও ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের মাধ্যমে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে। ছয় ঘণ্টা বন্ধ থাকার পর আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে ফের রেল চলাচল শুরু হয় বলে জানান রেলওয়ের নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার গোলাম মোস্তফা। এর আগে বেলা পৌনে ১১টার দিকে নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় ঢাকাগামী একটি ট্রেন লাইনচ্যুত হয়। এতে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
স্টেশন মাস্টার গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনায় পড়া বগি উদ্ধার করে। আর রেলকর্মীরা ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করেন। বিকেল ৫টার দিকে লাইন মেরামত কাজ শেষ হলে ফের ট্রেন চলাচল শুরু হয়।

