টিকিট ও ভিসার মেয়াদ নিয়ে বিভ্রান্তিতে আছেন প্রবাসীরা

টিকিট ও ভিসার মেয়াদ নিয়ে বিভ্রান্তিতে আছেন প্রবাসীরা

উত্তরদক্ষিণ | সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: ১৩:৪০

মহামারি করোনাভাইরাসের কারণে দেশে এসে আটকে পড়া সৌদি প্রবাসীরা গত কয়েকদিনের মতো আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সৌদি এয়ারলাইন্সের টিকিটের জন্য ভিড় করেছেন কারওয়ান বাজারে। কবে টিকিট দেওয়া হবে তা নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন প্রবাসীরা।
প্রবাসী মোহাম্মদ আউয়াল হোসেন বলেন, গত ৫ দিন ধরে ফজরের নামাজ পড়েই এখানে এসে দাঁড়িয়ে থাকছি এই ভেবে, যেন টোকেন দেওয়া শুরু করলে আগে পাই। কিন্তু টোকেনতো দিচ্ছেই না। আবার ভিসার মেয়াদ কিভাবে বাড়াতে হবে সেই তথ্যও কেউ বলছে না।

তিনি বলেন, আমি আজ (সোমবার) সকালে একটি এজেন্সিতে খোঁজ নিয়েছিলাম ভিসার মেয়াদ বাড়ানোর জন্য কিন্তু সেখান থেকে বলা হয়- তারা নাকি কোনো তালিকাই পায়নি। তাই তারা কাজ করতে পারছে না। এখন তাদের কাছে সরকার বা সংশ্লিস্ট কেউ তালিকা পাঠালে তারা ভিসার মেয়াদ বাড়ানোর কাজ শুরু করবে।

টিকিট কবে পাওয়া যাবে, কোন তারিখের রিটার্ন টিকিট কবে পাওয়া যাবে, কিংবা আদৌ পাওয়া যাবে কিনা, অথবা ভিসার মেয়াদ ও ইকামার মেয়াদ কীভাবে ও কবে বাড়ানো হবে। এসব বিষয়ে এখনও বিভ্রান্তির মধ্যে আছেন সৌদি থেকে ছুটিতে দেশে আসা প্রবাসীরা। তারা এখনও মনে করেন, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভিসা ও ইকামার মেয়াদ আছে। আর টিকিটের বিষয়ে সৌদি এয়ারলাইন্সের পক্ষ থেকে তেমন কোনও আশ্বাস না পেলেও ভরসা করছেন, একমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওপর। তাই বিমানের টিকিট পেতেও মরিয়া হয়ে উঠেছেন তারা। টিকিটের আশায় দিনের পর দিন ঘুরতে থাকা প্রবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে তাদের এই উৎকণ্ঠার কথা।

ভিসার মেয়াদ বাড়াতে বিভ্রান্তি

২৩ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, দেশে অবস্থানরত সৌদি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যাদের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে, তাদের ভিসা সৌদি দূতাবাসের মাধ্যমে প্রদান করতে সৌদি কর্তৃপক্ষ সম্মত হয়েছে। ইকামার মেয়াদ চলতি আরবি মাসের শেষ দিন, অর্থাৎ আরও ২৪ দিন পর্যন্ত বৈধ থাকবে। সৌদি আরবে যাওয়ার জন্য সৌদি এয়ারলাইন্স ও বাংলাদেশ বিমান টিকিট ইস্যু করবে। ভিসা সংগ্রহের সময় সৌদি দূতাবাসে বিশৃঙ্খলা না করার জন্য অনুরোধ করে মন্ত্রণালয়।

কিন্তু প্রবাসীদের ইকামা ও ভিসার সংকট নিরসনে রবিবার থেকে ঢাকার সৌদি দূতাবাস চালু হলেও সেখান থেকে ফিরে যেতে হয়েছে প্রবাসীদের। কারণ, দূতাবাস তাদের সাফ জানিয়ে দিয়েছে, তাদের নিবন্ধিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আবেদন করতে হবে। এই তথ্য প্রবাসীদের জানা না থাকায় বিভ্রান্তির মধ্যেই রবিবার ভোর থেকে সৌদি দূতাবাসের সামনে ভিড় করতে থাকেন তারা। সেখানে অপেক্ষমাণ সৌদি প্রবাসী শরীফ বলেন, ‘ভোর থেকে ভিসার মেয়াদ বাড়ানোর আশায় লাইনে দাঁড়ালাম। এখন দূতাবাস থেকে বলছে—এজেন্সির মাধ্যমে আবেদন করতে। এই কথা আগে জানালে তো আমরা এখানে এসে জড়ো হতাম না।’

সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের টিকিট নিয়ে বিভ্রান্তি

সৌদি আরবে ফিরে যেতে যারা সেদেশ থেকে রিটার্ন টিকিট করে এসেছিলেন, তাদের বেশিরভাগই এখন সৌদি এয়ারলাইন্সের কাছ থেকে কোনও আশার বাণী পাচ্ছেন না। এয়ারলাইন্স কর্তৃপক্ষ টিকিট ইস্যু করার জন্য টোকেন সরবরাহ করলেও এখন আর কোনও টোকেন দেওয়া হচ্ছে না। টোকেন যারা পেয়েছেন তাদেরও বেশিরভাগই কোনও টিকিট পাননি। আর এয়ারলাইন্স কর্তৃপক্ষ স্পষ্ট করে কিছু জানাচ্ছে না তাদের। দেশে করোনা সংক্রমণ শুরুর পর গত ১৪ মার্চ থেকে সৌদি সরকার সবদেশের যাত্রীবাহী ফ্লাইট বন্ধ করে দেয়। প্রবাসীদের সঙ্গে কথা বলে জানা যায়, ফ্লাইট বন্ধ ঘোষণার পর তারা সৌদি এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করেন। এয়ারলাইন্স কর্তৃপক্ষ তখন তাদের জানিয়েছিল, ফ্লাইট চালু হলে তারা যেতে পারবেন এবং যাদের রিটার্ন টিকিট আছে তাদের সঙ্গে যোগাযোগ করা হবে। কিন্তু এখন তা না-করে হঠাৎ করেই ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়ে টিকিট বিক্রি শুরু করে সৌদি এয়ারলাইন্স। এতে বিপাকে পড়ে যান তারা।

সোনারগাঁও হোটেলের সামনে টিকিটের জন্য অপেক্ষমাণ উজ্জ্বল আহমেদ জানান, এয়ারলাইন্স কর্তৃপক্ষ কোনও কথাই বলতেছে না। গণহারে তারা টোকেন বিতরণ করছে। আশেপাশে যারা পারছে তারাই টোকেন নিয়ে গেছে। কিন্তু আবার তারা বলছে, যারা রিটার্ন টিকিট করে এসেছেন, তাদের ফ্লাইট দেবে। কিন্তু টোকেন যারা পাইছে তারা তো ভেতর থেকে ঘুইরা আসতেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের তথ্য নিয়েও বিভ্রান্তি

সৌদি আরব থেকে ছুটিতে আসা প্রবাসীদের টিকিট বিতরণে তথ্যগত বিভ্রাটের কারণে জটলা বেশি বলে জানিয়েছেন বিমান অফিসের সামনে অপেক্ষমাণ প্রবাসীরা। প্রতিদিন ভোর থেকেই প্রবাসীরা ভিড় জমাতে শুরু করেন মতিঝিলের বিমান বাংলাদেশ এয়ারলাই্ন্সের অফিসে। সরেজমিনে প্রবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল ১০টার কিছু পরে শুরু হয় বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যক্রম। গেট খোলার পর হুড়মুড় করে বিমান অফিসে প্রবেশ করেন অন্তত হাজারখানেক প্রবাসী। এরপর গেট বন্ধ করে দেওয়া হয়। তাদের দাবি, এই ভিড়ের মধ্যে অন্য এয়ারলাইন্সে আসা প্রবাসীরাও টিকিটের জন্য প্রবেশ করছেন। এছাড়া, কোন তারিখের রিটার্ন টিকিট কবে ইস্যু করা হবে, তার সুনির্দিষ্ট তথ্য প্রবাসীরা না জানায় বেশি জটলা হচ্ছে।

চাঁদপুর থেকে আসা প্রবাসী কর্মী হেলাল জানান, তিনি ১৪ বছর ধরে কাজ করেন সৌদি আরবে। গত জানুয়ারিতে ছুটিতে দেশে আসেন। তার রিটার্ন ফ্লাইট ছিল ২৬ মার্চ। তিনি বলেন, ‘বিমান অফিসের মাইকের মাধ্যমে বাইরে বলা হচ্ছে যে, ১৪ তারিখ থেকে ২০ তারিখের রিটার্ন টিকিট যাদের আছে, তাদের ভেতরে যেতে। এখানে অনেকেই আছেন যারা অনেক আগে দেশে এসেছেন। আবার অনেকেই আছেন পরে এসেছেন। কিন্তু ভেতরে সবাই যাচ্ছেন। কেউ কেউ নাকি ২১ তারিখের টিকিট নিয়ে যাচ্ছেন। বিমান থেকে যদি আগে মিডিয়ার মাধ্যমে বলা হতো, কবে কোন তারিখের রিটার্ন টিকিট দেওয়া হবে, তাহলে জটলা হতো না। কিংবা এখানে অফিসের সামনে একটু বড় করে যদি লিখে রাখতো, তাহলেও অনেকেই তা দেখে সময়মতো আসতেন।’

আরেক প্রবাসী আক্তার হোসেন জানান, ‘তিনি পাঁচ দিন ধরে ঘুরছেন টিকিটের জন্য। কিন্তু কোন দিনের টিকিট কবে দেওয়া হবে তিনি জানেন না। সেটা জানতেই চাঁদপুর থেকে ঢাকায় এসেছেন। তিনি মনে করেন, তার মতো অনেক প্রবাসী আছেন এখানে, যারা সঠিক তথ্য জানেন না।’

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, ২২ মার্চ থেকে ২৪ মার্চের মধ্যে রিটার্ন টিকিট করা জেদ্দাগামী যাত্রীদের জন্য ফ্লাইট রেখেছে ৫টি। ফ্লাইটগুলো যথাক্রমে ৩০ সেপ্টেম্বর, ১ অক্টোবর, ৪ অক্টোবর, ৫ অক্টোবর এবং ৬ অক্টোবর পরিচালনা করা হবে। এছাড়া রিয়াদগামী যাত্রীদের জন্য ৪টি এবং দাম্মামগামী যাত্রীদের জন্য ৩টি ফ্লাইটের ব্যবস্থা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের পক্ষ থেকে আরও জানানো হয়, নতুন ফ্লাইট অনুমোদন সাপেক্ষে পর্যায়ক্রমে যাত্রীদেরকে বুকিংয়ের জন্য জানানো হচ্ছে। এদিকে সৌদি আরবে অক্টোবর মাস থেকে শিডিউল ফ্লাইটের অনুমতি পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এসব ফ্লাইটে প্রবাসীদের সৌদি আরবে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানায় বিমান।

জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন করোনা মহামারির কারণে আটকে পড়া সৌদি প্রবাসী বাংলাদেশিদের সেদেশে ফেরত যাওয়ার সুবিধার্থে প্রয়োজনীয় ফ্লাইট সংখ্যা বাড়ানোর জন্য সৌদি আরবকে অনুরোধ করেছেন। মন্ত্রী রবিবার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে ফোনে আলাপকালে এ অনুরোধ করেন। আর প্রবাসীদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। আজ সোমবারের (২৮ সেপ্টেম্বর) মধ্যে সংকটের সমাধান হবে বলে তিনি আশাবাদী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading