দেশে আটকেপড়া সৌদি প্রবাসীদের জন্য ফ্লাইটের আসন বৃদ্ধি
উত্তরদক্ষিণ | সোমবার, ০৫ অক্টোবর, ২০২০ | আপডেট: ১২:২০
করোনা মহামারির কারণে বাংলাদেশে আটকেপড়া বিপুল সংখ্যক সৌদি আরব প্রবাসীদের জন্য সেদেশে যাওয়ার সুবিধার্থে ফ্লাইটের আসন সংখ্যা বাড়ানো হয়েছে বলে সোমবার (০৫ অক্টোবর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, উড়োজাহাজে আসন সংখ্যা বেশি থাকলেও কোভিড-১৯ এর কারণে ঢাকা থেকে সৌদি আরবে গমনকারী উড়োজাহাজের ক্ষেত্রে প্রশস্ত উড়োজাহাজে ২৬০ জন এবং অপ্রশস্ত উড়োজাহাজে ১৪০ জন যাত্রী পরিবহণ করার বাধ্যবাধকতা ছিল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সৌদি আরবগামী যাত্রীদের ঢাকা থেকে দ্রুত ফেরত যাওয়ার স্বার্থে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গত রবিবার জারিকৃত আদেশে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত এ নিয়ম শিথিল করেছে। এখন সৌদি আরবগামী ফ্লাইটে ইকোনমি ক্লাসের শেষ সারি এবং বিজনেস ক্লাসের ১টি আসন ব্যতিত সকল আসনে যাত্রী পরিবহণ করা যাবে।
আশা করা যাচ্ছে, এতে সৌদি আরবগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে আসন সংখ্যা বৃদ্ধির কারণে সে দেশে ফেরত যাওয়ার অনুমতি প্রাপ্ত যাত্রীদের পরিবহনে অনিশ্চয়তা অনেকাংশেই দূর হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ার লাইন্স পুরাতন টিকিটধারী যাত্রীদের ধারাবাহিকভাবে কোনোরকম চার্জ ব্যতিত আসন বরাদ্দ করছে।
যাত্রী ব্যতিত অন্য সকলকে এয়ারলাইন্স অফিসে না যাওয়ার/ ভিড় না করার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ বিনীত অনুরোধ এবং সকলের সহযোগিতা কামনা করেছে। -ইউএনবি

