ধর্ষণের প্রতিবাদে শাহবাগ মোড় অবরোধ
উত্তরদক্ষিণ | সোমবার, ০৫ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৪:২৮
নোয়াখালীতে গৃহবধূকে নির্যাতনসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ-নিপীড়নের ঘটনায় বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সম্মিলিত ছাত্র-জনতা।
সোমবার (০৫ অক্টোবর) দুপুর ১২টা থেকে এ অবরোধ শুরু হয়৷ ‘বন্দি সময়ের চিৎকার’ ব্যানারে অবরোধ কর্মসূচিতে অংশ নেন ছাত্র ইউনিয়ন ও ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’ প্ল্যাটফর্মের নেতাকর্মীরা৷ এদিকে, শাহবাগ মোড় অবরোধ করে গণজমায়েত করায় সেখানকার সড়কে যান চলাচল বন্ধ রয়েছে৷
প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে শাহবাগ অভিমুখে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক লিটন নন্দী বলেন, ‘সারাদেশে একের পর এক ধর্ষণ ঘটেই চলেছে৷ সম্প্রতি সিলেটের এমসি কলেজ এবং নোয়াখালীর বেগমগঞ্জে ভয়ঙ্কর নারী নির্যাতনের ঘটনা ঘটেছে৷ দেশে বিচারহীনতার সংস্কৃতির জন্যই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে৷’
এদিকে, ধর্ষণের বিরুদ্ধে শাহবাগে ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রদল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নোয়াখালীর সুবর্ণচরের শিক্ষার্থীরা আলাদা ব্যানারে মানববন্ধন করেছেন৷ তথ্য সহায়তায়: বাংলা ট্রিবিউন

