কিশোরগঞ্জে হত্যা মামলা : ৪ জনের মৃত্যুদণ্ড
উত্তরদক্ষিণ | সোমবার, ০৫ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৫:১৯
কিশোরগঞ্জ গণপূর্ত বিভাগের সাবেক কর্মচারী আব্দুর রহমান হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড এবং চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার (৫ অক্টোবর) কিশোরগঞ্জের ১ নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- করিমগঞ্জ উপজেলার বারঘরিয়া ইউনিয়নের সিংগুয়া গ্রামের কাসেম, নজরুল, লিটন ও সাত্তার। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- একই গ্রামের সিরাজ, খোকন, সাহেদ ও কান্তু।
মামলার সব আসামিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। তাদের সাজার পাশাপাশি এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।
মামলার বিবরণে বলা হয়, কিশোরগঞ্জের করিমগঞ্জ পূর্ব শত্রুতার জেরে ২০০৬ সালের ২৩ এপ্রিল রাতে উপজেলার বারঘরিয়াইউনিয়নের সিংগুয়া গ্রামে জেলা গণপূর্ত বিভাগের সাবেক কর্মচারী আব্দুর রহমানকে কুপিয়ে জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় স্ত্রী নূরুন্নাহারও আহত হন। তিনি বাদী হয়ে ওইদিনই করিমগঞ্জ থানায় ৮ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। সিআইডি’তদন্ত শেষে ২০০৮ সালের ২৮ জানুয়ারি সব আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়।

