রাষ্ট্রায়ত্ত পাটকল: বামজোটের মিছিলে পুলিশের বাধা

রাষ্ট্রায়ত্ত পাটকল: বামজোটের মিছিলে পুলিশের বাধা

উত্তরদক্ষিণ | সোমবার, ০৫ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৫:৩৪

রাষ্ট্রীয় পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে গণতান্ত্রিক বাম জোটের মিছিলে পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার (৫ অক্টোবর) বেলা ১টার দিকে বাম জোটের মিছিল শাহবাগ মোড়ে পুলিশ ব্যারিকেড ভেঙে ফার্মগেইটের দিকে অগ্রসর হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রধান ফটক পার হলে পুলিশ তাদের বাধা দেয়। সেখানে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বাম জোটের কর্মীরা।

ধারাবাহিকভাবে লোকসানে থাকা দেশের রাষ্ট্রায়ত্ত ২৬টি পাটকল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত গত ১ জুলাই থেকে কার্যকর হয়। এসব পাটকলের প্রায় ২৫ হাজার কর্মচারীর চাকরি ‘গোল্ডেন হ্যান্ডশেকের’ মাধ্যমে অবসায়নের সিদ্ধান্ত সরকারের তরফ থেকে জানানো হয় তার আগেই।
সে সময় বলা হয়েছিল আপাতত বন্ধ রেখে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় আধুনিকায়ন করে ছয় মাসের মধ্যে নতুন করে চালু করা হবে। অবসরে পাঠানো শ্রমিকদেরও তখন আবার কাজের সুযোগ হবে।

তবে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী সম্প্রতি এক অনুষ্ঠানে বলেন, বেসরকারি খাতের উদ্যোক্তারা পিপিপিতে আগ্রহী নন, তারা লিজ নিয়ে পাটকল চালাতে আগ্রহী; সরকারও এখন ‘সেভাবে’ চিন্তাভাবনা করছে।

পাটকল বন্ধের ওই সিদ্ধান্তের প্রতিবাদে শুরু থেকেই বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে বাম গণতান্ত্রিক জোট। গত ২৭ সেপ্টেম্বর প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে ৫ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের এই কর্মসূচি ঘোষণা করা হয়। সে অনুযায়ী, সোমবার সকালে প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হন বাম জোটের বিভিন্ন দলের নেতাকর্মীরা।

রাষ্ট্রীয় পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের পাশাপাশি পিপিপি বা লিজ না দিয়ে আধুনিকায়ন করে রাষ্ট্রীয় সকল পাটকল চালু করা, দুর্নীতি ও লুটপাট বন্ধ করা, সরকারি-বেসরকারি সকল কারখানায় জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানানো জানানো হয় ওই সমাবেশ থেকে।
সমাবেশ শেষে মিছিল করে তারা প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা করলে শাহবাগে পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে।

পরে মিছিলে ‘বাধা দেওয়ার’ প্রতিবাদে আগামী মঙ্গলবার বেলা ৪ টায় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন বাম জোটের কেন্দ্রীয় সমন্বয়ক বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ। তিনি বলেন, পাটকল বন্ধের প্রতিবাদে আগামী ১৯ অক্টোবর সারা দেশে সড়ক ও রেলপথ অবরোধ করবে বাম জোট।

বাসদ নেতা রাজেকুজ্জামান রতন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকিসহ জোটের বিভিন্ন দলের নেতারা মিছিলে অংশ নেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading