শিশুতোষ বই : ‘আমি হবো আগামী দিনের শেখ হাসিনা’

শিশুতোষ বই : ‘আমি হবো আগামী দিনের শেখ হাসিনা’

উত্তরদক্ষিণ | সোমবার, ০৫ অক্টোবর, ২০২০ | আপডেট:১৯:১০

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা ‘আমি হবো আগামী দিনের শেখ হাসিনা’ নামে একটি শিশুতোষ গ্রন্থের মোড়ক উন্মোচিত হয়েছে। সচিবালয়ে সোমবার (৫ অক্টোবর) তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এক অনুষ্ঠানে কয়েকজন শিশুকে সঙ্গে নিয়ে বইটির মোড়ক উন্মোচন করেন।

তথ্যমন্ত্রী বলেন, “প্রকৃতপক্ষে শিশুরাই আমাদের ভবিষ্যৎ, তারাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। আমরা যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই সেজন্য স্বপ্নের মানুষ প্রয়োজন। স্বপ্নের মানুষ ছাড়া আমরা তো স্বপ্নের দেশ গড়তে পারব না, সেই মানুষ গড়তে হয় শিশুকাল থেকে।

“শিশুকাল পেরিয়ে গেছে যাদের তাদেরকে গড়ে তোলা খুব সহজ কাজ নয়। মানুষ শিশু বয়সে, কৈশোরে যেটা শেখে, সেটিই কিন্তু তার মনের গভীরে থাকে।” হাছান মাহমুদ বলেন, উন্নত, সমৃদ্ধ দেশ ও জাতি গঠন করতে হলে আজকের শিশুদের দিয়েই তা করতে হবে।

“শুধু উন্নত দেশ গঠন বা বস্তুগত উন্নয়নের মাধ্যমে উন্নত রাষ্ট্র গঠন করা নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে ভৌত উন্নয়নের পাশাপাশি মানুষের আত্মিক উন্নয়ন, একটি উন্নত জাতি গঠন করা।”

সেজন্য মানুষের মধ্যে মমত্ববোধ, দেশাত্মবোধ এবং মূল্যবোধের সমন্বয় ঘটানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, “এগুলোর সমন্বয় ঘটিয়েই একজন ভালো মানুষ তৈরি হয়। এগুলোর সমন্বয় না হলে একজন পূর্ণাঙ্গ ভালো মানুষ গঠন সম্ভবপর নয়, সেটি শিশু বয়সেই করতে হয়।

“সেটি করতে হলে যারা এ গুণে গুণান্বিত তাদের জীবন কাহিনী যাতে শিশুরা জানতে পারে, তাহলে তাদের জীবন গঠন করার ক্ষেত্রে সেটি প্রচণ্ডভাবে সহায়ক হয়, তেমনই একজন মানুষ হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।” শৈশব থেকে সংগ্রাম করে আজকের প্রধানমন্ত্রীকে যে এই অবস্থানে আসতে হয়েছে সেই গল্প শিশুদের শোনান তথ্যমন্ত্রী হাছান।

তিনি বলেন, “তার এই যে জীবন সংগ্রাম, সেটি যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর শুরু হয়েছে তা নয়, তার জীবন সংগ্রাম শুরু হয়েছে একেবারে শিশুকাল থেকে। শৈশবে যখন একজন শিশু বাবার স্নেহ পাওয়ার অধিকার রাখে, বাবার স্নেহ পায়, তখন তিনি সেই অধিকার পাননি। কারণ বাবা সবসময় ছিলেন জেলখানায়।” শেখ হাসিনার জীবন যদি কেউ জানে, তার পক্ষে নিজের জীবন গঠন করা ‘অনেক সহজ’ হবে বলে মত দেন হাছান মাহমুদ।

তিনি বলেন, “সেই মানুষের স্বপ্ন পূরণ হয়, যে মানুষ স্বপ্ন দেখার পাশাপাশি তার সাথে প্রচেষ্টা যুক্ত করতে পারে। আজকের শিশুদের আমাদের শেখাতে হবে শুধু নিজের জন্য নয়, নিজের পরিবার, দেশ, সমাজ ও রাষ্ট্রের জন্য স্বপ্ন দেখতে হবে।”

শিশুতোষ গ্রন্থটির লেখক তানিয়া সুলতানা হ্যাপী বলেন, “এই বইটি পড়লে শেখ হাসিনার সম্পর্কে শিশুরা অনেক কিছু জানতে পারবে। আগামী প্রজন্ম শেখ হাসিনার গল্প পড়ে বড় হবে এবং তার আদর্শ ধারণ করবে।” তথ্য সচিব কামরুন নাহার ছাড়াও শিশুদের অভিভাবকরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading