যানজট নিরসনে শিগগিরই অগ্রগতি হবে : ডিএসসিসি মেয়র
উত্তরদক্ষিণ | বুধবার, ০৭ অক্টোবর, ২০২০ | আপডেট: ১১:১০
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, যানজট নিরসনে শিগগিরই বাস কোম্পানি রেশনালাইজেশন কাজে অগ্রগতি হবে।
তিনি মঙ্গলবার (০৬ অক্টোবর) নগর ভবনে গণপরিবহনে শৃঙ্খলা আনয়ন ও যানজট নিরসনে বাস রুট রেশনালাইজেশন কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
মেয়র বলেন, ‘যানজট নিরসনে অচিরেই বাস কোম্পানি রেশনালাইজেশন এবং টার্মিনাল নির্মাণে অগ্রগতি হবে। তবে বলা যায় প্রায় শূন্য থেকে আমাদেরকে কাজ শুরু করতে হচ্ছে।’
ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আরও বলেন, ‘আমাদেরকে আবারও নতুন করে কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে। বাস রুট রেশনালাইজেশন এবং টার্মিনাল নির্মাণে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য পরামর্শক নিয়োগের মাধ্যমে প্রতিবেদন হাতে পেলে আগামী সভা থেকে কাজ শুরু করা হবে। প্রতিবেদন হাতে পেলে এই কার্যক্রম বাস্তবভিত্তিক কার্যক্রমে পরিণত করা যাবে। তবে দুই মেয়র দৃঢ়তার সাথে বলতে পারি, ভবিষ্যতে অগ্রগতি হবে।’
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এর আগেও সময়সীমা দিয়ে সেটা রক্ষা করা যায়নি। সুতরাং কোন সময়সীমা না দিয়ে এটা বলতে পারি, আমরা অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে চলেছি। সেই নিষ্ঠার প্রতিফলন পাবেন।
ডিএসসিসি মেয়র সভার শুরুতে বলেন, একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ১২ সদস্য বিশিষ্ট বাস রুট রেশনালাইজেশন কমিটি করা হয়েছে। সেই প্রজ্ঞাপনে যাদের নাম দেয়া আছে বা যে পদের বিপরীতে কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে, এই বাস রুট রেশনালাইজেশন কমিটির বৈঠকে তাদেরকেই আসতে হবে। কারণ, প্রজ্ঞাপনে কোনো প্রতিনিধি বা উপযুক্ত প্রতিনিধি প্রেরণের বিধান রাখা হয়নি। এখন থেকে কেউ প্রতিনিধি পাঠালে ধরে নেবো তিনি অনুপস্থিত। প্রতিনিধিকে উপস্থিতি হিসেবে দেখাবো না।
এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘শতকরা ৬৩ ভাগ মানুষ বাসে চলাচল করেন। আমরা দুই সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই আলোচনা করছি। প্রয়াত মেয়র আনিসুল হক যে চেষ্টা করেছিলেন, আমরা ঢাকা সিটির দুই মেয়র সেই চেষ্টার ধারাবাহিকতায় এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। এটার একটা রূপ শিগগিরই দেখা যাবে। জনগণের স্বপ্ন বাস রুট রেশনালাইজেশনে দুই মেয়র একত্রে কাজ করবো এই নিশ্চয়তা আজকে দিতে পারি।’ -বাসস

