‘বাংলাদেশকে সর্বোচ্চ স্তরের গুরুত্ব দেয় ইন্ডিয়া‘

‘বাংলাদেশকে সর্বোচ্চ স্তরের গুরুত্ব দেয় ইন্ডিয়া‘

উত্তরদক্ষিণ | শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২০ | আপডেট: ০৮:৩৯

বাংলাদেশকে ভারত সর্বোচ্চ স্তরের গুরুত্ব দেয় এবং এটি কখনোই হ্রাস পাবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত নতুন ইন্ডিয়ান হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পরিচয়পত্র উপস্থাপন করার পর গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দোরাইস্বামী বলেন, ‘আমি দৃঢ়ভাবে বলতে চাই যে বাংলাদেশ সবসময় ইন্ডিয়ার অত্যন্ত বিশেষ অংশীদার ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের বন্ধুত্ব কৌশলগত অংশীদারিত্বের অনেক ঊর্ধ্বে, কারণ এ বন্ধুত্ব রচিত হয়েছে অভিন্ন ত্যাগ, ইতিহাস, সংস্কৃতি এবং আত্মীয়তার অনন্য সম্পর্কের ওপর ভিত্তি করে।’

পারস্পরিক শ্রদ্ধাকে দুই দেশের অংশীদারিত্বের উৎস হিসেবে বর্ণনা করে হাইকমিশনার বলেন, ‘ঐতিহাসিক জনযুদ্ধের মাধ্যমে স্বতন্ত্র পরিচয়ের ভিত্তিতে নিজেদের একটি জাতিতে রূপদানকারী হিসেবে বাংলাদেশের মানুষের চেতনার প্রতি আমরা গভীরভাবে প্রশংসা ও সম্মান জানাই। আপনারা অসংখ্য মৃত্যু ও মা-বোনেদের প্রতি বর্বর নির্যাতন উপেক্ষা করে অনন্য সাহস এবং বীরত্বের সাথে নিজেদের ওপর হওয়া অত্যাচার ও কঠোরতার মুখোমুখি হয়েছিলেন। আপনাদের মুক্তিযুদ্ধ বিশ্বের অন্যতম অনুপ্রেরণা। মুক্তিযুদ্ধে আপনাদের সহায়তা করতে পারা আমাদের জন্য সবসময়ই সম্মানের বিষয় হয়ে থাকবে যেমনভাবে, প্রায় ৫০ বছর পরেও আপনাদের সাহসের প্রতি ইন্ডিয়ায় আজও আমরা সম্মান জানাই।’

সামাজিক সূচকে উল্লেখযোগ্য উন্নতির জন্য বাংলাদেশ আজ সমানভাবে সম্মানিত উল্লেখ করে তিনি বলেন, ‘একইভাবে, দক্ষিণ এশিয়ায় দ্রুততম গতিতে আপনাদের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আমরা অভিনন্দন জানাই। সেই সাথে আমরা আপনাদের বিশ্বখ্যাত আন্তরিকতা এবং আতিথেয়তার চেতনার প্রশংসা করি। আজ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক সাফল্য বা ক্রিকেট পিচে টাইগারদের অপ্রতিরোধ্য মনোবল যাই হোক না কেন, সারা বিশ্ব বাংলাদেশকে নতুন সম্মানের সাথে দেখছে। এবং আমরা, আপনার নিকটতম প্রতিবেশী হিসেবে, এ উপযুক্ত স্বীকৃতিতে আনন্দিত।’ -ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading