লঘুচাপ থেকে ‘ঘূর্ণিঝড়ের শঙ্কা নেই’
উত্তরদক্ষিণ | শনিবার, ১০ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৭:৪০
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা থাকলে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা তেমন নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ইতোমধ্যে টানা কয়েকদিন তাপমাত্রা তুলনামূলক বেশি থাকার পাশাপাশি বাতাসে আর্দ্রতাও বেশ থাকায় শনিবার (১০ অক্টোবর) দেশের সর্বত্র ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে।
সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগরে সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে।
তিনি বলেন, “সুষ্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা তেমন নেই। তবে নিম্নচাপে রূপ নিতে পারে। এর প্রভাব বাংলাদেশে পড়বে না আশা করি। আমরা পরিস্থিতি পযবেক্ষণ করে সতর্কতা বার্তা জানাবো।”
লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দরেও কোনো আবহাওয়া সতর্কবার্তা জারি করেনি আবহাওয়া অধিদপ্তর। ২ অক্টোবরও সাগরে লঘুচাপ সৃষ্টি হয়। পরে তা দুর্বল হয়ে যায়। এর একসপ্তাহের মাথায় আরেকটি লঘুচাপ সৃষ্টি হল সাগরে।
অক্টোবর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ মাসে সাগরে দুয়েকটি লঘুচাপের আভাস রয়েছে, তার কোনোটি ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে।
ঘূর্ণিঝড়ের শঙ্কার বিষয়ে জানতে চাইলে আবহাওয়াবিদ আফরোজা বলেন, “বিদ্যমান লঘুচাপটি নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ের শঙ্কা নেই। তবে চলতি মাসের মাঝামাঝি আরেকটি ওয়েদার ফরম হতে যাচ্ছে; তা পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী আমরা যথাসময়ে জানাতে পারবো।”
এ আবহাওয়াবিদ জানান, আবহাওয়া প্রধানত শুষ্ক রয়েছে। ঢাকাসহ অধিকাংশ এলাকায় বিরাজমান ভ্যাপস গরমের এমন আবহাওয়া আরও দুয়েকদিন অব্যাহত থাকবে।
শনিবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আগেরদিন শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাঙ্গামাটিতে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
রবিবারের পূর্বাভাসে বলা হয়েছে- সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ; ঢাকা,ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্রগ্রাম, বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে ।

