রাঙামাটিতে সেনা টহলে হামলা, দুই সন্ত্রাসী নিহত
উত্তরদক্ষিণ | বুধবার, ১৪ অক্টোবর, ২০২০ | আপডেট: ০৯:২৯
রাঙামাটির নানিয়ারচরে সেনাবাহিনীর একটি টহল দলের ওপর সশস্ত্র হামলায় এক সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন। এসময় হামলাকারীদের দুইজন নিহত হয়েছে বলেও জানা গেছে। মঙ্গলবার দিবাগত রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির।
জানা গেছে, আহত সেনা সদস্য শাহাবুদ্দিনকে প্রথমে রাঙামাটি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ নেওয়া হয়। সেখান থেকে তাকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সিএমএইচ-এ নিয়ে যাওয়া হয়েছে। এদিকে নিহত দুইজনই পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ এর কর্মী বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানিয়েছে, মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকাল সাড়ে চারটার দিকে নানিয়ারচর উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নের রউফ টিলায় সন্ত্রাসীদের একটি আস্তানায় অভিযান চালাতে যান রাঙামাটি সদর জোনের ২০ বীরের সেনা সদস্যরা। এই সময় পাশের আরেকটি অবস্থানে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা সেনা টহলের ওপর গুলিবর্ষণ করে। তাদের হামলায় সৈনিক শাহাবুদ্দিন (২৮) গুলিবিদ্ধ হন। এ সময় সেনাবাহিনী পাল্টা গুলিবর্ষণ করলে হামলাকারীদের মধ্যে দুই জন নিহত হয়।
পুলিশ সুপার আলমগীর কবির জানিয়েছেন, ‘সেনাবাহিনীর একটি টহল দলের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটে। তখন একজন সেনা সদস্য আহত এবং দুইজন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জেনেছি আমরা। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।’ নিহত দুজন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত বলে জানা গেলেও বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর কেন্দ্রীয় কমিটির যুব ফোরামের সভাপতি অংগ্য মারমা জানিয়েছেন, এইরকম কোনও ঘটনার খবর আমাদের জানা নেই। তবে পাহাড়ে কোনও ঘটনা ঘটলেই আমাদের জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে বক্তব্য দেওয়া হয়। এটিও সেইরকম একটি ঘটনা হতে পারে।’
এ নিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকাল আনুমানিক ৫টার দিকে রাঙামাটির নানিয়ারচর সংলগ্ন বুড়িঘাট এলাকায় রাঙ্গামাটি সেনাজোনের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) এর সশস্ত্র চাঁদাবাজদের গ্রেফতারের জন্য একটি অভিযান পরিচালনা করে। এ সময় ইউপিডিএফ এর চাঁদাবাজরা সেনা টহলের উপস্থিতি বুঝতে পেরে পাশের একটি টিলার ওপর থেকে অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। সেনা টহলে থাকা সদস্যরা এক পর্যায়ে পাল্টা গুলিবর্ষণ করে। এই গোলাগুলির ঘটনায় ঘটনাস্থলে ইউপিডিএফ এর দুই জন সশস্ত্র চাঁদাবাজ নিহত হয়। সন্ত্রাসীদের গুলিতে সেনা টহলের সৈনিক শাহাবুদ্দিন নামে একজন সদস্য বাম কাঁধে গুলিবিদ্ধ হন। সেনা সদস্যরা পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিসহ সন্ত্রাসীদের ব্যবহৃত একটি একে-২২ এসএমজি উদ্ধার করে। তথ্য সহায়তায়: বাংলা ট্রিবিউন

