ইলিশ ধরা এবং বিক্রিতে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু
উত্তরদক্ষিণ | বুধবার, ১৪ অক্টোবর, ২০২০ | আপডেট: ০৯:৫৯
ইলিশের প্রধান প্রজনন মৌসুম ধরে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ মাছ ধরা, বিক্রি, বিপণন, মজুত ও পরিবহন নিষিদ্ধ। মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত মধ্যরাত থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর শুরু হয়েছে। একই সঙ্গে, ইলিশ পাওয়া যায়-এমন জলসীমায় এ সময়ে অন্যান্য সব ধরনের মাছ আহরণও নিষিদ্ধ ঘোষণা করা হয়ছে।
মা ইলিশ সংরক্ষণে প্রতিবছরের মতো এই বছরও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মসূচির আওতায় নিষেধাজ্ঞার ২২ দিন সমুদ্র উপকূলসহ সারাদেশে কঠোর নজরদারি চলবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
এই ২২ দিন গভীর সমুদ্রে বাংলাদেশ নৌবাহিনী, সমুদ্র মোহনায় কোস্ট গার্ডের টহল জোরদার থাকবে।
মৎস্য অধিদপ্তর জানিয়েছে, উপকূলীয় জেলা ও দক্ষিণাঞ্চল মিলিয়ে ৩৬টি জেলায় এই নিষেধাজ্ঞা থাকবে।
নিষেধাজ্ঞার আওতায় প্রথমবারের মতো বরিশাল বিভাগের ছয়টিসহ মোট ১৭টি জেলায় বরফ উৎপাদনও বন্ধ থাকবে।
এই ২২ দিনের নিষেধাজ্ঞার সময়ে বরিশাল বিভাগের দুই লাখ ৮২ হাজার ৫০০ জেলে পরিবারের জন্য পাঁচ হাজার ৬৫০ মেট্রিক টন চাল ও সারাদেশে পাঁচ লাখ ২৮ হাজার ৩৪২ জেলে পরিবারের জন্য মোটি ১০ হাজার ৫৬৭ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে বলে মৎস্য অধিদপ্তর জানিয়েছে।

