কুমিল্লায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০ | আপডেট: ০৯:৪৫
কুমিল্লার চান্দিনায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধষর্ণের অভিযোগ ওই মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষককে বুধবার (১৪ অক্টোবর) আটক করেছে পুলিশ।
আটক মাওলানা মো. ইউসুফ সোহাগের (৪০) দেবিদ্বার উপজেলার সুলতানপুর গ্রামের সহিদুল ইসলামের ছেলে। তিনি চান্দিনার কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ জামে মসজিদের ঈমাম এবং চান্দিনা পল্লী বিদ্যুৎ রোডে দারুল ইহসান তাহফিজুল কোরআন কওমী মাদরাসার প্রতিষ্ঠাতা ও মোহতামিম।
ভুক্তভোগী মাদরাসাছাত্রীর বাবা জানান, গত ২০১৯ সালে চান্দিনা পল্লী বিদ্যুৎ রোডের ওই মাদরাসায় তিনি তার মেয়েকে ভর্তি করান। মঙ্গলবার ওই শিক্ষক তার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে জানতে পেরে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা লিটন সরকারকে বিষয়টি জানান তিনি। পরে মঙ্গলবার দিবাগত রাতেই ওই শিক্ষকসহ তার মেয়েকে উদ্ধার করা হয়।
ভুক্তভোগী মাদরাসাছাত্রী বলেন, ‘মাদরাসায় অধ্যায়নরত অবস্থায় গত এক মাস আগে ইউসুফ হুজুর জোরপূর্বক আমার সাথে শারীরিক সম্পর্ক করেন। আমি বিষয়টি আমার অভিভাবককে জানাতে চাইলে তিনি আমাকে বিভিন্ন ভয়-ভীতি দেখায়। পরবর্তীতে সুযোগ পেলেই আমার সাথে খারাপ কাজ করতেন তিনি। মঙ্গলবার আমাকে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে জোর করে ঢাকায় নিয়ে যান।’
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, ওই মাদরাসা শিক্ষকসহ মেয়েটিকে থানায় নিয়ে আসা হয়েছে। বিস্তারিত জানার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে। সূত্র: ইউএনবি

