বঙ্গবন্ধুর খুনি রাশেদকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস যুক্তরাষ্ট্রের

বঙ্গবন্ধুর খুনি রাশেদকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস যুক্তরাষ্ট্রের

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৪:৪৩

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি যুক্তরাষ্ট্রে পলাতক রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান। বুধবার (১৪ অক্টোবর) রাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলমের সাথে এক বৈঠকে বঙ্গবন্ধুর খুনিকে ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গ উঠলে মার্কিন মন্ত্রী একথা বলেন।

এব্যাপারে (বঙ্গবন্ধুর খুনিকে ফিরিয়ে দেওয়া) মার্কিন উপমন্ত্রী বিগান সহায়তা করার আশ্বাস দিয়েছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এছাড়াও বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জনস্বাস্থ্য সহযোগিতা, কৃষি ও জ্বালানি সহযোগিতাসহ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে।

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলম আসন্ন “স্প্রিং সেশনে” যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা দেওয়া পুনরায় শুরু করার ব্যাপারে মার্কিন উপমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রাশেদ চৌধুরী | ছবি : সংগৃহীত

এসময় মার্কিন উপমন্ত্রী বিগান জানান, তারা যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে দূতাবাসের মাধ্যমে দ্রুত ভিসা প্রক্রিয়া শুরু করার বিষয়টি বিবেচনা করছেন।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেছেন, উভয় দেশই নিউইয়র্কের সাথে বিমানের সরাসরি ফ্লাইট পুনরায় চালু করতে একত্রে কাজ করবে।

বৈঠকে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) চেয়ারম্যান, পররাষ্ট্র সচিব, বাণিজ্য সচিব পাবলিক প্রাইভেট পার্টনারশিপের সিইওসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকের দ্বিতীয় ভাগে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগের উপদেষ্টা সালমান এফ রহমান উপস্থিত ছিলেন।

এর আগে ভারতের নয়াদিল্লিতে তিনদিনের সফর শেষে বুধবার বিকালে ঢাকা পৌঁছান মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading