ফখরুলের মন্তব্য: আওয়ামী লীগের সমালোচনায় বিএনপি টিকে আছে
উত্তরদক্ষিণ | বুধবার, ২১ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৫:৫২
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করে বলেন, আওয়ামী লীগ কথায় কথায় বিএনপির সমালোচনা করে। অথচ তারাই বলে দেশে বিএনপি বলে কিছু নেই। তারাই সমালোচনা করে বিএনপিকে বাঁচিয়ে রেখেছেন। বিএনপির কথা ছাড়া আওয়ামী লীগের নেতাদের মুখে কোনো কথা বের হয় না। বুধবার (২১ অক্টোবর) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
ধর্ষণবিরোধী আন্দোলনে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘ধর্ষণ প্রতিরোধে সরকার বিভিন্ন ভূমিকার কথা বললেও সেটি কোথায়?’ তিনি বলেন, ধর্ষণবিরোধী আন্দোলন একটি নৈতিকতার আন্দোলন। এতে আমাদের সমর্থন রয়েছে। আমরাও সারা দেশে আন্দোলন করেছি। এখন যারা প্রতিবাদ করছে তাদের আওয়ামী লীগের সমর্থকরা মারধর করছে। এটা কোনো সরকারের কর্মকাণ্ড হতে পারে না।
সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মির্জা ফয়সাল আমিনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

