‘২-৩ দিনের মধ্যে আলুর দাম সরকার নির্ধারিত মূল্যের নিচে নেমে আসবে’
উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০ | আপডেট: ১০:০২
খুচরা বাজারে আলুর দাম আগামী দুই-তিন দিনের মধ্যে সরকার নির্ধারিত মূল্যের নিচে নেমে আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ইন্ডিয়ার হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘কৃষি মন্ত্রণালয় আলুর দামের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। গতকাল (বুধবার) আলুর দাম কোল্ড স্টোরেজে ৩৫ থেকে ৪০ টাকা কেজি ছিল। সেটা আজ ২৮ টাকা দরে বিক্রি হচ্ছে। যেটা ২৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। আমরা আশাবাদী আগামী দুই-তিন দিনের মধ্যে খুচরা বাজারে আলুর দাম সরকার নির্ধারিত মূল্যের নিচে নেমে আসবে।’
তিনি বলেন, ‘আলুর বাজার অস্থির হয়েছে, দাম কমানোর চেষ্টা চলছে। এটা আমরা নিয়ন্ত্রণ করি না, এটা কৃষি মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে। ভোক্তাদের সহযোগীতার জন্যই আমরা টিসিবির মাধ্যমে ২৫ টাকা দরে বাজারে আলু ছেড়েছি।’ -ইউএনবি

