ঢামেক হাসপাতালকে ৫ হাজার শয্যায় উন্নীত করা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০ | আপডেট: ১০:৫৭
সাধারণ মানুষের চিকিৎসা সেবা সুবিধা বৃদ্ধি করার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালকে পাঁচ হাজার শয্যায় উন্নীত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। একইভাবে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটকে ৭০০ শয্যা থেকে খুব শিগগিরই ১২০০ শয্যায় উন্নীত করা হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নবনির্মিত কার্ডিয়াক ক্যাথল্যাব জোন-২-এর উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘এই সংকটকালেও দেশের স্বাস্থ্য খাত করোনা মোকাবিলা করার পাশাপাশি অন্যান্য চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে। একদিকে কোভিড নিয়ন্ত্রণ করতে হচ্ছে অন্যদিকে নন-কোভিড চিকিৎসাসেবা বৃদ্ধি করা নিয়েও কাজ চলছে। ইতোমধ্যে দেশের আট বিভাগে আটটি উন্নতমানের ক্যান্সার হাসপাতাল নির্মাণ কাজের কার্যক্রম শুরু করা হয়েছে। দেশের সব হাসপাতালের শয্যা সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি করা হয়েছে।’
অনুষ্ঠানে করোনা মোকাবিলায় সরকারের সফলতা তুলে ধরে চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক, নার্সদের ধন্যবাদ জানান জাহিদ মালেক। -ইউএনবি

