রোহিঙ্গাদের ফেরত নিতে চীনের কাছে প্রতিশ্রুতি দিলো মিয়ানমার
উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৫:২১
বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে শিগগিরিই ফেরত নেয়া হবে বলে সম্প্রতি চীনকে আবারও মিয়ানমার আশ্বস্ত করেছে বলে জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়াং ই।
শুক্রবার (২৩ অক্টোবর) চীনের পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সাথে টেলিফোনে কথোপকথন হয় চীনের পররাষ্ট্রমন্ত্রীর।
ওয়াং ই বলেন, “চীন রোহিঙ্গা বিষয়ে মিয়ানমারের সাথে বিভিন্ন পর্যায়ে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে চলেছে। কোভিড পরিস্থিতির উন্নতি হলে রোহিঙ্গাদের যাতে ফেরত নেয়া যায় সে লক্ষ্যে মিয়ানমার কাজ করবে বলে চীনকে তারা জানিয়েছে।”
চীনের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “চীনকে মিয়ানমার জানিয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে তারা বাংলাদেশের সাথে শিগগিরই আলোচনা শুরু করবে। মিয়ানমারের নির্বাচনের পর প্রথমত রাষ্ট্রদূত পর্যায়ে এবং পরবর্তীতে বাংলাদেশ, চীন ও মিয়ানমারের মন্ত্রী পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠকের উদ্যোগ নেয়া হবে।”
এসময় রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে ঢাকায় প্রস্তুতিমূলক সিনিয়র কর্মকর্তা পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠক দ্রুত শুরু করার ওপর গুরুত্বারোপ করেন ওয়াং ই।

