রংপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় এএসআই রায়হানুল বরখাস্ত
উত্তরদক্ষিণ | সোমবার, ২৬ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৭:৩৫
রংপুরে স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণ মামলার আসামি রংপুর সিটি পুলিশের গোয়েন্দা শাখার এএসআই রায়হানুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রংপুর সিটি পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, দলবেঁধে ধর্ষণ মামলার আসামি হওয়ায় সোমবার (২৬ অক্টোবর) তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
রবিবার সকালে শহরের বাহার কাছনা এলাকার এক স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ ওঠে। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই রাতেই এএসআই রায়হানুল ইসলাম ওরফে রাজুসহ দুইজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত দুইজনকে আসামি করে মামলা করেন ছাত্রীর বাবা।
এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে হারাগাছ থানার ওসি আব্দুর রশিদ জানান। পুলিশ কর্মকর্তা মারুফ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোরীকে দুইজন ধর্ষণ করেছে বলে জানা গেছে।
নবম শ্রেণি পড়ুয়া ওই ছাত্রীর পরিবারের সদস্যরা জানান, প্রেমের সম্পর্কের জেরে রবিবার সকালে তাদের মেয়েকে ক্যাদারের পুল এলাকার এক বাসায় ডেকে নেন রায়হান। সেখানে রায়হান ওই কিশোরীকে ধর্ষণের পর আরও কয়েকজন তাকে ধর্ষণ করে বলে পরিবারের অভিযোগ।

