শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি ঘোষণা
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৮:৩৫
আন্তর্জাতিক ক্রিকেট পুরোদমে ফিরতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকায়। ইংল্যান্ডের পর এবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। এক বিবৃতি দিয়ে মঙ্গলবার (২৭ অক্টোবর) ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) জানায়, আগামী ডিসেম্বর-জানুয়ারিতে লঙ্কানদের বিপক্ষে ঘরের মাঠে দুটি টেস্ট খেলবে।
প্রচলিত ‘বক্সিং-ডে’ ও ‘নিউ ইয়ার’ টেস্টের স্লট শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ দিয়ে পূরণ করবে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নে ২৬ থেকে ৩০ ডিসেম্বর হবে প্রথম টেস্ট। ৩ থেকে ৭ জানুয়ারি জোহানেসবার্গে হবে পরেরটি। ম্যাচ দুটি আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
লঙ্কান সিরিজের আগে ইংল্যান্ডের বিপক্ষে নভেম্বর-ডিসেম্বরে তিনটি করে ওয়ানডে, টি-টোয়েন্টি খেলবে দক্ষিণ আফ্রিকা। সিরিজটি আয়োজনে আগেই সরকার থেকে অনুমতি দেওয়া হয়েছে।
২০২১ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন টেস্টের সিরিজ খেলার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকার। তবে ওই সিরিজের সূচি এখনও ঘোষণা করা হয়নি।

