মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ
আব্দুর রহমান | উত্তরদক্ষিণ
সাতক্ষীরা: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৫:১১
ফ্রান্সে মহানবী হজরত মুহম্মদ (সাঃ)-এর ব্যঙ্গ চিত্র প্রদর্শনীর প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার ব্যানারে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় শহরের মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। মিছিলে এ সময় হাজার হাজার লোক অংশ গ্রহন করেন।
এর আগে মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে সভাপত্বি করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মুহাদ্দীস মোস্তফা শামছুজ্জামান। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনটির সহ-সভাপতি ডা. মোঃ এছহাক, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ডা. কাজী মোঃ ওয়েজ কুরণী, সংগঠনটির সাতক্ষীরা জেলা সভাপতি মোঃ মুবাশশীরুল ইসলাম তকী, ইসলামী শ্রমিক আন্দোলন সাতক্ষীরা জেলা সভাপতি মহিউদ্দীন আল ফারুক, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা সভাপতি মোঃ কবিরুল ইসলাম প্রমুখ।
ব্যাঙ্গচিত্র প্রদর্শনকারীর ফাঁসির দাবী জানিয়ে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, শুধু মহানবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়নি, ব্যঙ্গ করা হয়েছে বিশ্বের পৌনে দুইশ কোটি মুসলমানের। ফ্রান্স সরকারের এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ বিশ্ব মুসলিম মেনে নিতে পারে না। মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ করেছে ফ্রান্স, এমন মন্তব্য করে বক্তারা বলেন, বাংলাদেশের মাটিতে ফ্রান্সের কোনো দূতাবাস দেখতে চাই না। এছাড়া, ফ্রান্সের সকল পণ্য বয়কটের আহবান জানানো হয় প্রতিবাদ সমাবেশে।

