নারায়ণগঞ্জে নিষিদ্ধ আনসারুল্লাহর সদস্য গ্রেপ্তার
উত্তরদক্ষিণ | শনিবার, ৩১ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৬:৩০
নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম বাংলা টিমের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলার পাইনাদি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আতাউল্লাহ ওরফে সাগর (২২) নরসিংদীর শিবপুরের ভরাতেরকান্দি এলাকার বাসিন্দা। এ তথ্য জানিয়ে বিকেল ৩টায় র্যাব-১১’র সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আনসারুল্লাহ বাংলা টিমের এই সদস্যের কাছ থেকে ২০টি উগ্রবাদী নথিপত্র জব্দ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, আতাউল্লাহ অনলাইনে বিভিন্ন সামাজিক মাধ্যমে উগ্রবাদী লেখকের বক্তব্য শুনে উগ্রবাদের দিকে ধাবিত হয়। তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলাম (আনসারুল্লাহ বাংলা টিম-এবিটি) এ যোগ দেন।
সে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম (আনসারুল্লাহ বাংলা টিম-এবিটি) এর সক্রিয় সদস্য ও দাওয়াতি শাখার সমন্বয়কারী হিসাবে কাজ করতেন।
ওই সংগঠনের সদস্য বাড়ানোর জন্য ভুয়া ফেসবুক আইডি, ফেসবুক গ্রুপ, ম্যাসেঞ্জার ইত্যাদি ব্যবহার করতেন। তিনি অনলাইনে নরসিংদী, নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আনসার আল ইসলাম (আনসারুল্লাহ বাংলা টিম-এবিটি) সদস্যদের সাথে যোগাযোগ করে জিহাদি কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

