ম্যাক্রোঁ’র বিরুদ্ধে রাজধানীতে হেফাজতের বিক্ষোভ সমাবেশ
উত্তরদক্ষিণ | সোমবার, ০২ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৬:২১
ফ্রান্সে মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন এবং ইসলাম নিয়ে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম।
সমাবেশে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন, রাষ্ট্রদূতকে বহিষ্কার ও দূতাবাস বন্ধে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয়া হয়। সোমবার দুপুর পৌনে ১টার দিকে এ ঘোষণা দেন হেফাজতের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।
হেফাজতের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে সোমবার (০২ নভেম্বর) সকাল থেকেই রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
সোমবার সকাল ১১টার দিকে বায়তুল মোকাররমের উত্তর গেট এলাকায় হেফাজতের শত শত নেতাকর্মী জমায়েত হন।
এ কর্মসূচির অংশ হিসেবে হেফাজতে ইসলামসহ বিভিন্ন ধর্মভিত্তিক সংগঠনের নেতা-কর্মীদের জমায়েতে পল্টন, গুলিস্তান, প্রেসক্লাব এলাকায় সকাল থেকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে ফ্রান্সে বসবাসরত মুসলিম সম্প্রদায় ও দেশটির সরকারের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই ‘ইসলামপন্থী বিচ্ছিন্নতাবাদ’ বিরোধী লড়াইয়ের ঘোষণা দেন ফরাসী প্রেসিডেন্ট।
এছাড়া ‘ইসলাম সংকটে’ রয়েছে বলেও মন্তব্য করে, ফ্রান্সের মসজিদগুলোর বৈদেশিক তহবিল নিয়ন্ত্রণের মাধ্যমে সরকার দেশটির বিভিন্ন স্কুল ও ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেবে বলেও ঘোষণা দেন ম্যাক্রোঁ।
ইমানুয়েল ম্যাক্রোঁর এমন ঘোষণার পরপরই বিশ্বব্যাপী তা নিয়ে নানা আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। এর প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে ফরাসী পণ্য বয়কটের ঘোষণা দিয়ে অনলাইনে সরব হন মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন মুসলিম দেশের নাগরিকরা।

