সংকটাপন্ন সৌমিত্র: বসছে মেডিক্যাল বোর্ড
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৫:৫৮
সংকট কাটেনি বরেণ্য অভিনেতা সৌমিত্র চ্যাটার্জির। এরই মধ্যে চারবার ডায়ালাইসিস করতে হয়েছে। বুধবার (৪ নভেম্বর) স্বাভাবিকের চেয়ে তার প্রস্রাবের পরিমাণ কম হয়েছে। কিডনির স্থায়ী সমাধান খুঁজছেন চিকিৎসকরা। আর এ নিয়ে বৃহস্পতিবার (৫ নভেম্বর) আলোচনায় বসবে নেফ্রোলজি বোর্ড। খবর ইন্ডিয়া টুডে
দক্ষিণ কলকাতার বেলভিউ হাসপাতালে গত এক মাস ধরে চিকিৎসাধীন রয়েছেন সৌমিত্র চ্যাটার্জি। বুধবার (৪ নভেম্বর) রাতে বেলভিউ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সৌমিত্র চ্যাটার্জির রক্তে হিমোগ্লোবিন ও প্লাটিলেটের মাত্রা কমে গেছে। তার ট্রাকিওস্টোমি করার কথাও ভাবছেন চিকিৎসকরা। তবে এখনো তা চূড়ান্ত নয়। এদিন নতুন করে তার দেহের অভ্যন্তরে রক্তক্ষরণ হয়নি।
সৌমিত্র চ্যাটার্জির জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান অরিন্দম কর। তিনি পিটিআইকে বলেন—সৌমিত্র চ্যাটার্জির অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গে কোনো পরিবর্তন হয়নি। এখনো ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া আছে। তবে রক্তে হিমোগ্লোবিন ও প্লাটিলেটের মাত্রা কমে গেছে।
করোনা সংকটের কারণে দীর্ঘ দিন টলিউড ফিল্মইন্ডাস্ট্রির শুটিং বন্ধ ছিল। সতর্কতা মেনে সম্প্রতি শুটিংয়ের অনুমতি মেলে। যথাযথ সুরক্ষা মেনে শুটিংয়ে ফিরেছিলেন সৌমিত্র। নিজেকে নিয়ে তৈরি একটি তথ্যচিত্রের শুটিং করছিলেন। এর মধ্যে তিনি করোনায় আক্রান্ত হন। গত ৬ অক্টোবর এই শিল্পীকে হাসপাতালে ভর্তি করা হয়।
১৯৩৫ সালের ১৯ জানুয়ারি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন সৌমিত্র চ্যাটার্জি। চ্যাটার্জি পরিবারের আদিবাড়ি ছিল বাংলাদেশের কুষ্টিয়ার শিলাইদহের কাছে কয়া গ্রামে। সৌমিত্রর দাদার আমল থেকে চ্যাটার্জি পরিবার নদিয়া জেলার কৃষ্ণনগরে বসবাস শুরু করেন। সৌমিত্র পড়াশোনা করেন—হাওড়া জেলা স্কুল, স্কটিশ চার্চকলেজ, কলকাতার সিটি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে।
১৯৫৯ সালে প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পরিচালনায় ‘অপুর সংসার’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন। পরবর্তীতে সত্যজিৎ রায় পরিচালিত ১৪টি চলচ্চিত্রে অভিনয় করেন সৌমিত্র। মৃণাল সেন, তপন সিংহ, অজয় করের মতো পরিচালকদের সঙ্গে কাজ করেন তিনি। কবি ও খুব উচ্চমানের আবৃত্তিকার হিসেবে তার দারুণ খ্যাতি রয়েছে।

