‘ঢাকার রুটে শৃঙ্খলা আনতে হবে’

‘ঢাকার রুটে শৃঙ্খলা আনতে হবে’

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৮:২৫

ঢাকা মহানগরীর পরিবহন ব্যবস্থা সুশৃঙ্খল করতে হলে বাস রুট সংস্কারের কোনো বিকল্প দেখছেন না সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, “ঢাকায় বাস রুট ন‌্যাশনালাইজেশনের কোনো বিকল্প নেই। প্রয়াত মেয়র আনিসুল হক কাজ শুরু করেছিলেন। তার মৃত্যুর পর কাজটি আর এগোয়নি। এখন এ কাজটি এগিয়ে নিতে আমি দুই মেয়রকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।”

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ‘ঢাকা মহানগরীর সড়ক নিরাপত্তা : ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ভূমিকা ও উদ্যোগ’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত হয়ে একথা বলেন তিনি।

যোগাযোগ ব‌্যবস্থা আধুনিকায়ন এবং দ্রুততর করতে আগামী এক দশকের মধ‌্যে পাতাল এবং উড়ালসহ মোট ৬টি মেট্রোরেল রুট নির্মাণ করা হবে বলে জানান সড়ক পরিবহনমন্ত্রী কাদের।

তিনি বলেন, “এর মধ‌্যে রুট-৬ এর কাজ ৫২% শেষ হয়েছে। আরও দুটি রুটের কাজ শিগগিরই শুরু হবে।” সড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সরকার এখন যেসব পদক্ষেপ নিচ্ছে, তা আরও ৩০ বছর আগে করার দরকার ছিল বলে মন্তব্য করেন কাদের।

তিনি বলে, “বিগত কয়েক বছরে সড়ক অবকাঠামো উন্নয়নে ইর্ষণীয় সাফল‌্য অর্জিত হয়েছে। অবকাঠামো উন্নয়ন যতই হোক, সড়কে এবং পরিবহনে শৃঙ্খলা ফেরাতে না পারলে, নিরাপদ করতে না পারলে আমাদের সকল উন্নয়ন ম্লান হয়ে যাবে।”

তিনি বলেন, “আমরা চার লেন, ছয় লেন, আট লেনের সড়ক করেছি কিন্তু সড়ক নিরাপত্তা এখনও নিশ্চিত করতে পারিনি। এখানে লুকানোর কিছু নেই, সত্য যা তা বলতেই হবে। সড়ক দুর্ঘটনা এখনও আমাদের সবচেয়ে বড় দুর্ভাবনা।”

সড়ক নিরাপত্তা বিধান সরকারের অগ্রাধিকার উল্লেখ করে মন্ত্রী বলেন, “আমরা এ লক্ষ্যে অনেক দূর এগিয়েছি অংশীজনদের সহযোগিতা নিয়ে। নিরাপদ সড়কের সাথে ইঞ্জিনিয়ারিং সলিউশন, এনফোর্সমেন্ট এবং অ্যাওয়ারনেস- এ তিনটি বিষয় সম্পর্কিত। সড়ক-মহাসড়কের নির্মাণ ক্রটি অপসারণে বিশেষ করে এআরআই দেশব্যাপী ১৪৪টি ব্ল্যাকস্পট চিহ্নিত করেছিল, পাশাপাশি সড়ক ও জনপথ আরও কিছু যুক্ত করেছে।”

আমরা গত কয়েক বছরে প্রায় সাড়ে চারশ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীত করেছি। চার লেনের মহাসড়কের সাথে ব্লাক সংশ্লিষ্ট মহাসড়কের স্পটগুলো এড্রেস করা হয়েছে। পাশাপাশি নেওয়া হয়েছে বিশেষ প্রকল্প। “যার আওতায় ১২১টি স্পটের ঝুঁকি প্রবণতা হ্রাস করা হয়েছে। দেশব্যাপী ঝুঁকিপূর্ণ সড়ক করিডোর উন্নয়নের উদ্যোগ চলমান আছে।”

বর্তমানে প্রায় সাড়ে চারশ কিলোমিটার মহাসড়ক চার লেইনে উন্নীত করার কাজ চলছে জানিয়ে তিনি বলেন, “চার লেনে উন্নীত মহাসড়কে মুখোমুখি সংঘর্ষ নিয়ন্ত্রণে এসেছে। ঝুঁকিপূর্ণ স্পটে বিভাজক বসানোর ফলে ঢাকা-আরিচা মহাসড়কে এখন দুর্ঘটনা নেই বললেই চলে।”

আইনগত কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে ইতোমধ্যে সড়ক পরিবহন আইন কার্যকর হওয়া শুরু হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, “স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি ১১১টি সুপারিশ বাস্তবায়নে গঠন করা হয়েছে একটি টাস্কফোর্স। এসডিজিসহ সরকারের গৃহীত প্রেক্ষিত পরিকল্পনায় সড়ক নিরাপত্তা বিষয়ক টার্গেট অর্জনে আমরা সচেষ্ট।”

আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম, বুয়েটের প্রো-ভিসি প্রফেসর আব্দুল জব্বার খান উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading