‘সাংবাদিকরা জাতিকে পথ দেখায়, খুলে দেয় তৃতীয় নয়ন’

‘সাংবাদিকরা জাতিকে পথ দেখায়, খুলে দেয় তৃতীয় নয়ন’

উত্তরদক্ষিণ | শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২০ | আপডেট: ০৯:৫৯

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, উন্নত রাষ্ট্র গঠনে নবপ্রজন্মের মনন তৈরিতে গণমাধ্যমের ভূমিকা অনন্য। প্রকৃতপক্ষে সাংবাদিকরা জাতিকে পথ দেখায়, মানুষের তৃতীয় নয়ন খুলে দেয়।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজতজয়ন্তী উপলক্ষে তাদের আয়োজিত ‘বঙ্গবন্ধুর ওপর লেখা প্রদর্শনীর সমাপনী ও ডিআরইউ সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের সম্মিলিত লক্ষ্য হচ্ছে একটি উন্নত রাষ্ট্র গঠন করা, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ রচনা করা, ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করা। এবং সেই উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করতে হলে একটি উন্নত প্রজন্মেরও প্রয়োজন, যে প্রজন্ম বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করবে। আর সেই নতুন প্রজন্মের মনন তৈরিতে, দেশকে সঠিক খাতে প্রবাহিত করতে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

স্বাধীনতা সংগ্রাম ও পরবর্তীতে দেশ গঠনে সাংবাদিকদের অনবদ্য ভূমিকা ছিল উল্লেখ করে ড. হাছান বলেন, ‘আজকের প্রেক্ষাপটে নতুন প্রজন্মের মনন তৈরি, সমাজে তৃতীয় নয়ন খুলে দেয়া, সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরা, দায়িত্ববানদেরকে আরো দায়িত্ববান করা, সঠিকভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সাংবাদিকরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার সমালোচনাকে সমাদৃত করার সংস্কৃতি লালন করে স্মরণ করিয়ে মন্ত্রী বলেন, তবে যদি শুধুই সমালোচনা হয়, ভালো কাজের প্রশংসা না হয়, তাহলে যারা ভালো কাজ করে, তারা উৎসাহ হারিয়ে ফেলবে, সেজন্য সমালোচনার পাশাপাশি ভালো কাজের প্রশংসাও প্রয়োজন।

তথ্যমন্ত্রী এসময় ২৫ বছর পূর্তি অনুষ্ঠানমালা সুন্দর ও সফলভাবে সম্পাদনা, বিশেষ করে বঙ্গবন্ধুর ওপর লেখার ওপর সম্মাননা প্রদানের আয়োজনের জন্য ডিআরইউকে অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। -ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading