রাষ্ট্রীয় মর্যাদায় বীরঙ্গনা মুক্তিযোদ্ধা পারুলের শেষকৃত্য

রাষ্ট্রীয় মর্যাদায় বীরঙ্গনা মুক্তিযোদ্ধা পারুলের শেষকৃত্য

উত্তরদক্ষিণ | শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৬:৩৫

বরগুনার পাথরঘাটায় বীরঙ্গনা মুক্তিযোদ্ধা পারুল রানী মিস্ত্রীর শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় এই বীর নারীর শেষকৃত্য সম্পন্ন হয় বলে তার ছেলে বীর মুক্তিযোদ্ধা মন্মথ রঞ্জন মিস্ত্রী জানান।

মন্মথ মিস্ত্রী জানান, গতকাল বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ মিনিটে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী গ্রামের বাড়িতে ৯০ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়।

শেষকৃত্যে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা সুলতানা, পাথরঘাটা থানার ওসি শাহাবুদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও জেলা পরিষদের সদস্য এম এ খালেক প্রমুখ।

মন্মথ মিস্ত্রী সাংবাদিকদের বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনী তার বাবা মনোহর মিস্ত্রী, কাকা কর্ণধর মিস্ত্রী ও তাদের প্রতিবেশী মতিউর রহমানকে গুলি করে হত্যা করে। এছাড়া তাদের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

ওই সময় মন্মথ মিস্ত্রী মুক্তিযুদ্ধে ছিলেন বলে বেঁচে যান। মন্মথ আরও বলেন, “মা দীর্ঘদিন ধরে বার্ধক্যে শয্যাশায়ী ছিলেন। আমার বাবাকে হত্যার বিচার দেখে যেতে পারলেন না মা। মারা যাওয়ার আগে প্রতি মুহুর্ত তিনি আমার বাবার হত্যার বিচার চেয়েছেন।”

২০১৮ সালের ২৫ নভেম্বর তার মা বীরঙ্গনা মুক্তিযোদ্ধা হিসেবে ভাতাপ্রাপ্ত হন বলে মন্মথ জানান। পারুল রানী মিস্ত্রী দুই ছেলে, দুই মেয়েসহ বহু স্বজন-গুণগ্রাহী রেখে গেছেন।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সুলতানা বলেন, পারুল রানীর শেষকৃত্য শুক্রবার সকালে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। পাথরঘাটা থানার ওসি শাহাবুদ্দিনের নেতৃত্বে থানা পুলিশ তাকে গার্ড অব অনার প্রদান করেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading