রাজনীতিকে মানুষের কল্যাণ ও মঙ্গলের কাজে লাগাতে হবে: কৃষিমন্ত্রী

রাজনীতিকে মানুষের কল্যাণ ও মঙ্গলের কাজে লাগাতে হবে: কৃষিমন্ত্রী

উত্তরদক্ষিণ | রবিবার, ০৮ নভেম্বর, ২০২০ | আপডেট: ১১:০৫

রাজনীতিকে মানুষের কল্যাণ ও মঙ্গলের কাজে লাগাতে হবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী মানুষের সেবায় আমাদের নিয়োজিত থাকতে হবে। মানুষের কল্যাণ ও মঙ্গল করাই হলো রাজনীতি। মানুষের কল্যাণ ও মঙ্গল করার কাজে আমাদের নিয়োজিত থাকতে হবে, রাজনীতিকে কাজে লাগাতে হবে।’

শনিবার (০৭ নভেম্বর) সকালে মানিকগঞ্জের জেলা পরিষদ মিলনায়তনে ‘জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সাল থেকে ধারাবাহিকভাবে অত্যন্ত সফলভাবে সরকার পরিচালনা করছেন। দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করেছেন। দেশে শান্তি ও স্থিতিশীলতা নিয়ে এসেছেন। ফলে, অর্থনীতির সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি হয়েছে যা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে।’

‘অর্থনীতির এমন কোনো দিক নাই যেখানে কোনো উন্নয়ন হয় নাই। ভৌত অবকাঠামো, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তথ্যপ্রযুক্তিসহ প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন আজ দৃশ্যমান,’ বলেন মন্ত্রী।

তৃণমূলের নেতা-কর্মীদের উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগকে আরও সুসংগঠিত করতে হলে বিগত ১২ বছরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যে উন্নয়ন করেছি তার বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে হবে।’

তিনি বলেন, ‘কিছু কিছু কর্মী আছে যারা নিজের স্বার্থে অপকর্ম করে দলের গায়ে কালিমা লেপন করে। তাদের হাত থেকে দলকে রক্ষা করতে হবে। সব সময় মানুষের পাশে থেকে মানুষের কল্যাণে কাজ করে দলের ভাবমূর্তি আরও বাড়াতে হবে, সুসংহত করতে হবে।’

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে বর্ধিত সভায় অনলাইনে যুক্ত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য দেন।

এছাড়াও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সাংসদ নাঈমুর রহমান দুর্জয়, সাংসদ মমতাজ বেগম এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুস সালাম প্রমুখ বক্তব্য দেন। -ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading