জীবন বীমা কর্পোরেশন-এর সাথে অগ্রণী ব্যাংকের চুক্তি
উত্তরদক্ষিণ | সোমবার, ০৯ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৪:২৩
তথ্য প্রযুক্তি নির্ভর কেন্দ্রীয় তহবিল ব্যবস্থাপনা বাস্তবায়নের লক্ষ্যে অগ্রণী ব্যাংক লিমিটেড এবং জীবন বীমা কর্পোরেশন এর মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রবিবার (০৮ নভেম্বর) বিকাল ৩টায় এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এ চুক্তি স্বাক্ষরের ফলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে জীবন বীমার পলিসি হোল্ডারদের প্রিমিয়ামের অর্থ সংগ্রহ এবং জীবন বীমা কর্পোরেশনের শাখাগুলো থেকে প্রেরিত অর্থ নির্বিঘ্নে অগ্রণী ব্যাংক লিমিটেড-এর যেকোনো শাখার মাধ্যমে রিয়েল টাইম ভিত্তিতে জীবন বীমা কর্পোরেশন এর মূল হিসেবে জমা হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জীবন বীমা কর্পোরেশন-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওমর ফারুক। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন মোঃ আসাদুল ইসলাম (সিনিয়র সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মাকসুদুল হাসান খান (সাবেক সচিব, চেয়ারম্যান, পরিচালনা বোর্ড, জীবন বীমা কর্পোরেশন) এবং মোহম্মদ শামস্-উল ইসলাম (ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও, অগ্রণী ব্যাংক লিমিটেড)।
এছাড়াও এ অনুষ্ঠানে অগ্রণী ব্যাংক লিমিটেড এবং জীবন বীমা কর্পোরেশনের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। অগ্রণী ব্যাংক লিমিটেড এর পক্ষে চুক্তি স্বাক্ষর করেন মহাব্যবস্থাপক, জাকিয়া বেগম এবং জীবন বীমা কর্পোরেশনের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মহাব্যবস্থাপক সেখ কামাল হোসেন। -খবর বিজ্ঞপ্তি’র

