যশোরে চন্দন কাঠসহ কাভার্ড ভ্যান আটক
উত্তরদক্ষিণ | বুধবার, ১১ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৫:০৫
যশোরের নাভারন বাজার থেকে এক হাজার ৪০ কেজি চন্দন কাঠসহ একটি কাভার্ড ভ্যান আটক করেছে বিজিবি। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার নাভারন বাজার থেকে ‘অবৈধভাবে ইন্ডিয়া থেকে আনা’ এসব কাঠ উদ্ধার করা হয়েছে বলে জানান বিজিবি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা বলেন, “চোরাকারবারীরা ইন্ডিয়া থেকে অবৈধভাবে চন্দনকাঠ নিয়ে এসে নাভারন বাজারে অবস্থান করছে, এমন সংবাদে বেনাপোল বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার শহিদুল ইসলামের নেতৃত্বে একটি অভিযান চালানো হয়।
অভিযানে নাভারন বাজার হতে ‘জরুরি ওষুধ সরবরাহকারী’ লেখা একটি কাভার্ড ভ্যান আটক করে এর ভেতর থেকে এক হাজার ৪০ কেজি ভারতীয় চন্দন কাঠ উদ্ধার করা হয়েছে।
জব্দ করা চন্দন কাঠের আনুমানিক মূল্য এক কোটি একাশি লাখ টাকা বলছেন তিনি। এই চন্দনকাঠ বেনাপোল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান এ বিজিবি কর্মকর্তা।

