দেশের সব হাসপাতাল পরিদর্শনে যাচ্ছে সরকার
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০ | আপডেট: ০৯:৫৯
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম জানিয়েছেন, সারাদেশে অনুমোদিত ও অননুমোদিত বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারগুলোর জরুরি ভিত্তিতে তালিকা চেয়ে সেগুলো পরিদর্শন শুরু করতে যাচ্ছে সরকার।
বুধবার (১১ নভেম্বর) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাপরিচালক একথা বলেন।
গত ৯ অক্টোবর হাসপাতালের কর্মীদের ধস্তাধস্তিতে মারা যাওয়া সিনিয়র এএসপি আনিসুল করিমের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, “যেকোনো মৃত্যু দুঃখজনক, অত্যন্ত পরিতাপের বিষয়। আমার একজন পুলিশ অফিসার এভাবে মারা যাবেন এটা কারোরই কাম্য নয়। এই ঘটনার জন্য আমরা দুঃখিত, অনুতপ্ত।”
তিনি বলেন, “হাসপাতাল নামে যেটা চলছিল সেটার কোনো অনুমোদন ছিল না। মাদকাসক্তি নিরাময় ও মানসিক চিকিৎসা, দু’টো আলাদা জিনিস, আবার অনেক ক্ষেত্রে সম্পৃক্ত। তারা বলছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে অনুমোদন ছিল, কিন্তু স্বাস্থ্য অধিপ্তর থেকে অনুমোদন ছিল না। তবে মানসিক চিকিৎসা করতে হলে অবশ্যই স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনুমোদন নিতে হবে। তার পরিপ্রেক্ষিতে এটা বন্ধ করে দিয়েছি।”
অননুমোদিত হাসপাতালে এরকম মৃত্যু বন্ধে কী উদ্যোগ নেওয়া হচ্ছে জানতে চাইলে মহাপরিচালক বলেন, “সবগুলো পরিদর্শন করতে আমরা একটা জরুরি মিটিং করেছি। আমরা একটা কমিটি করেছি। প্রত্যেক এলাকার সিভিল সার্জনদের দায়িত্ব দেওয়া হচ্ছে, সাথে প্রশাসন। কারণ, আমরা একা এটা করতে পারবো না, এটার সাথে প্রশাসন লাগবে, পুলিশের সাহায্য লাগবে, আইন প্রয়োগকারী ম্যাজিস্ট্রেটের সাহায্য লাগবে। তাদেরকে নিয়ে আমরা এটা করতে পারব।আশা করছি এই মাসের মধ্যে শুরু করতে পারব।”
সারাদেশে লাইসেন্সসহ মোট ৬,৬৭টি প্রতিষ্ঠান রয়েছে জানিয়ে তিনি বলেন, এরমধ্যে হাসপাতাল ২,১৩০টি ডায়াগনস্টিক সেন্টারে ৩,৮৫৬টি ও ব্লাড ব্যাংক ৮১টি। -ইউএনবি

