লাইনচ্যুত বগি উদ্ধার: উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০ | আপডেট: ১২:২০
প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর তিনটায় লাইনচ্যুত বগি উদ্ধার হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোহাম্মদ শাহীদুল ইসলাম বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১১ নভেম্বর) রাতে পাবনার ঈশ্বরদীর মাঝগ্রাম স্টেশনে ফাইভ আপ মেইল ট্রেন লাইনচ্যুত হওয়ায় এ রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঈশ্বরদী জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) রঞ্জন কুমার বিশ্বাস গণমাধ্যমকে জানান, বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার সময় ঢাকা থেকে ছেড়ে আসা ঈশ্বরদী হয়ে চাঁপাইনবাবগঞ্জগামী ফাইভ আপ মেইল ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। এ দুর্ঘটনার কারণে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোহাম্মদ শাহীদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়েই ঈশ্বরদী লোকোসেড থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। তারা রাত সোয়া তিনটায় ইঞ্জিনসহ লাইনচ্যুত তিনটি বগি উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, রেললাইন স্বাভাবিক হলে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর পৌনে ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ৭৬৪ নম্বর চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদীর মুলাডুলি থেকে খুলনার দিকে ছেড়ে যায়। পরে অন্যান্য ট্রেন স্বাভাবিকভাবে চলছে।

