ফেনীতে ধর্ষণের ভিডিও প্রচারের হুমকি, গ্রেপ্তার ৩
উত্তরদক্ষিণ | শনিবার, ১৪ নভেম্বর, ২০২০ | আপডেট: ১১:৩০
ফেনীর ছাগলনাইয়ায় ধর্ষণের ভিডিও প্রচারের হুমকি দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার উত্তর সতর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ছাগলনাইয়া থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানান।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার চাঁদগাজী ইউনিয়নের উত্তর সতর গ্রামের মীর হোসেন পাটোয়ারীর ছেলে মো. মমিন হোসেন পাটোয়ারী ও মো. আনোয়ার হোসেন পাটোয়ারী এবং একই গ্রামের বাহার উদ্দিনের স্ত্রী রেহানা আক্তার।
পরিদর্শক মাহবুবুর বলেন, বৃহস্পতিবার রাতে ওই নারী বাদী হয়ে ছাগলনাইয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন ও পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এ মামলা করেন।
মামলায় বলা হয়, মোমিনের স্থানীয় চাঁদগাজী বাজারে একটি দোকান চালান। দোকানে কেনাকাটা করতে গিয়ে করতে গিয়ে ওই নারীর সঙ্গে মোমিনের পরিচয় হয়। এক পর্যায়ে মোমিন ওই নারীর পাকিস্তান প্রবাসী স্বামীর মৃতুর খবর জানতে পেরে গত জুলাই মাসের শুরুতে বিয়ের প্রস্তাব দেয়। এক পর্যায়ে মোমেন কথা বলার জন্য তার ভাবী রেহানা বেগমের বাসায় ওই নারীকে নিয়ে যায় এবং ভাবীব সহযোগীতায় তাকে ধর্ষণ করে।
এরপর গত ৩০ অক্টোবর ওই নারীকে ভাবী রেহানার বাসায় ডেকে নিয়ে ফের ধর্ষণ করে এবং ধর্ষণের ভিডিও ধারণ করে। এরপর ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের হুমকি দিয়ে ওই নারীর কাছ থেকে ৩ ভরি স্বর্ণালঙ্কার ও এক লাখ টাকা আদায় করে এবং বিয়ে করবে না বলে জানায়।
পরে ওই নারী ধর্ষণ, স্বর্ণালংকার ও টাকা নেওয়া এবং ভিডিও ধারনের বিষয়টি মোমিনের বড় ভাই আনোয়ার হোসেন পাটোয়ারীকে জানালে তিনি কাউকে না জানানোর জন্য বলে হুমকি দেন। পরে গত ৫ নভেম্বর ওই নারীকে রেহানার বাসায় ডেকে নিয়ে মারধর করা হয় বলে পুলিশ মামলার বরাতে জানায়।
মাহবুবুর বলেন, যে মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয়েছে সেটি জব্দ এবং গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। – বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

