করোনায় আক্রান্ত মোহাম্মদ সালাহ
উত্তরদক্ষিণ | শনিবার, ১৪ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৩:৩৫
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন লিভারপুলের মিশরীয় ফুটবলার মোহাম্মদ সালাহ। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে মিশরের ফুটবল সংস্থা এই বিষয়টি নিশ্চিত করেছে। তবে ২৮ বছর বয়সী এই তারকার মধ্যে করোনার কোনো লক্ষণ দেখা দেয়নি এবং তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।
মিশর দলের বাকি ফুটবলাররা অবশ্য করোনা নেগেটিভ হয়েছেন। একমাত্র সালাহ-ই হয়েছেন পজিটিভ। করোনা পরীক্ষার ফল পাওয়ার পর থেকেই আইসোলেশনে আছেন সালাহ। তবে শনিবার (১৪ নভেম্বর) তার আরো একটি পরীক্ষা করা হবে।
আজ শনিবার আফ্রিকান কাপ অব ন্যাশন্সের বাছাইপর্বের ম্যাচে ঘরের মাঠে টোগোর মুখোমুখি হবে মিশর। আর মঙ্গলবার খেলবে পরবর্তী ম্যাচ।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের পরবর্তী ম্যাচ ২২ নভেম্বর লেস্টার সিটির বিপক্ষে। করোনা আক্রান্ত হওয়ায় এই ম্যাচটি খেলতে পারবেন না সালাহ। হয়তো খেলতে পারবেন না ২৫ নভেম্বর আটালান্টার বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচেও।
কারণ, যুক্তরাজ্য সরকারের নিয়ম অনুযায়ী কেউ করোনা আক্রান্ত হলে এবং কোনো লক্ষণ প্রকাশ না পেলেও তাকে কমপক্ষে ১০ দিন আইসোলেশনে থাকতে হবে।

