বাস পোড়ানোর মামলায় গ্রেপ্তার ৩২, রিমান্ডে ২৬
উত্তরদক্ষিণ | শনিবার, ১৪ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৭:০৫
উত্তরায় উপনির্বাচনের মধ্যে ঢাকায় বাস পোড়ানো এবং হাতবোমা ফাটানোর ঘটনায় মোট ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ২৬ জনকে হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন।
বৃহস্পতিবার ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ হয়। এর মধ্যেই নির্বাচনী এলাকায় হাতবোমার বিস্ফোরণ ঘটে। এছাড়া ঢাকার বিভিন্ন স্থানে মোট ১১টি বাস পোড়ানো হয়। এসব ঘটনায় ৯টি থানায় মোট ১৪টি মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মতিঝিল এবং শাহবাগ থানায় ২টি করে, পল্টন থানায় ৩টি, বংশাল, ভাটারা, কলাবাগান, ভাটারা, তুরাগ, বিমানবন্দর, উত্তরা পূর্ব থানায় একটি করে মামলা হয়।
উপ কমিশনার ওয়ালিদ হোসেন শনিবার (১৪ নভেম্বর) বলেন, “এপর্যন্ত মোট ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ২৭ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডে থাকাকালে তারা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে।
“এসব তথ্যের ভিত্তিতে কাজ চলছে। এই নাশকতার সাথে কারা জড়িত, কারা ইন্ধন দিয়েছে তাদের ব্যাপারেও বেশ কিছু তথ্য পাওয়া গেছে। জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।”
বাস পোড়ানোর জন্য বিএনপিকে দায়ী করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। অন্যদিকে বিএনপি দাবি করছে, তাদের ফাঁদে ফেলতে ক্ষমতাসীনরাই বাস পুড়িয়েছে।

