আজিজুল হাকিমের অবস্থার উন্নতি
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৪: ১৮
অভিনেতা আজিজুল হাকিমের শারীরিক অবস্থার উন্নতির খবর দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন এ অভিনেতার লাইফসাপোর্ট খুলে দেওয়া হয়েছে বলে হাসপাতালের পরিচালক ও প্রধান নির্বাহী আল ইমরান জানান।
তিনি বলেন, “তার শারীরিক অবস্থার উন্নতি ঘটায় লাইফসাপোর্ট খুলে দেওয়া হয়েছে। তাকে এখন আইসিইউতে রাখা হয়েছে। তবে এখনও তিনি শঙ্কামুক্ত নন। কেবিনে নেওয়ার পরিস্থিতি এখনও হয়নি।”
করোনাভাইরাসে আক্রান্ত এ অভিনেতা গত বৃহস্পতিবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে; অবস্থার অবনতি হলে পরের দিন শুক্রবার ভোরে তাকে লাইফসাপোর্টে নেওয়া হয়।
করোনাভাইরাসের পাশাপাশি ৬১ বছর বয়সী এ অভিনেতা কয়েক বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন। সপ্তাহখানেক আগে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি।
তার স্ত্রী জিনাত হাকিম ও ছেলে মুহাইমিন রেদোয়ান হাকিমেরও করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে; বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন তারা।

