গাজীপুরে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই: গ্রেপ্তার ১
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৬:১৫
গাজীপুরে চালককে হাতুড়ির আঘাতে হত্যার পর ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় জড়িত অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার জসিম উদ্দিন মোল্লা (২৪) ফরিদপুরের মধুখালী থানার কামালদিয়া এলাকার আব্দুর রব মোল্লার ছেলে।
এর আগে শহরের কাশিমপুর থানার মধ্য সুরাবাড়ি এলাকায় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ি জোনের সহকারি পুলিশ সুপার থোয়াই অং প্রু মারমা জানান। নিহত অটো চালক মো. শাকিল (২০) গাইবন্ধার সাদুল্লাপুর থানার তরক কামাল এলাকার শহিদুল ইসলামের ছেলে।
সহকারী পুলিশ সুপার বলেন, “ঢাকার আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকার মো. মনার বাড়িতে ভাড়া থেকে কাশিমপুরের বাগবাড়ি, সুরাবাড়িও আশেপাশের এলাকায় ইজিবাইক চালাতেন। আর জসিম কাশিমপুর থানার বাগবাড়ি এলাকার জনি মিয়ার বাড়ির ভাড়াটে। জসিম যাত্রীবেশে মঙ্গলবার রাত ৯টার দিকে কাশিমপুর থানাধীন বাগবাড়ি এলাকা থেকে স্থানীয় সুরাবাড়ি যাওয়ার জন্য শাকিলের ইজিবাইক ভাড়া নেয়। পথে পূর্বপরিকল্পিতভাবে শাকিলের মাথায় লোহার হাতুড়ি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
পরে জসিম শাকিলের সঙ্গে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে শাকিলকে ইজিবাইক থেকে ফেলে দেয় এবং ইজিবাইক নিজে চালিয়ে বিক্রির জন্য কাশিমপুর রোড হয়ে মহানগরের বাসন থানাধীন নাওজোর এলাকায় তার ভায়রা ভাই মো. সায়েমের কাছে রেখে যায়।”
পরে স্থানীয়রা শাকিলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান বলে থোয়াই অং প্রু জানান।
এ পুলিশ কর্মকর্তা বলেন, “এ ঘটনায় পরদিন বুধবার (১৯ নভেম্বর) সকালে মামলা হলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কাশিমপুরসহ টঙ্গী পশ্চিম থানা ও গাছা থানায় পৃথক পৃথকস্থানে অভিযান চালিয়ে বুধবার রাত ৮টার দিকে কাশিমপুর এলাকা থেকে জসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার কাছ থেকে রক্তমাখা শাকিলের মোবাইল ফোন এবং হত্যার কাজে ব্যবহৃত হাতুড়ি উদ্ধার করা হয়। তবে ইজিবাইকটি উদ্ধার করা যায় নি।”
তিনি বলেন, জসিম ঋণের টাকা পরিশোধ করতে ইজিবাইক ছিনতাইয়ের পরিকল্পনা করে। সেই পরিকল্পনা অনুযায়ি জসিম হার্ডওয়ারের দোকান থেকে একটি হাতুড়ি কিনেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জনিয়েছে জসিম।

