দৃশ্যমান হলো পদ্মা সেতুর ৫৭০০ মিটার

দৃশ্যমান হলো পদ্মা সেতুর ৫৭০০ মিটার

উত্তরদক্ষিণ | শনিবার, ২১ নভেম্বর, ২০২০ | আপডেট: ০৪:৫৮

মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ১ ও ২ নম্বর পিলারের ওপর বসানো হলো ৩৮তম ‘ওয়ান-এ’ স্প্যান। এর মধ্য দিয়ে দৃশ্যমান হলো সেতুর ৫ হাজার ৭০০ মিটার। বাকি আছে আর তিনটি স্প্যান বসানোর কাজ। যা হলে আরও ৪৫০ মিটার দৃশ্যমান হবে।

শনিবার (২১ নভেম্বর) দুপুর আড়াটার দিকে স্প্যান বসানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সেতুর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক (মূল সেতু) দেওয়ান মো. আবদুল কাদের।

সকাল ৯টা ২০ মিনিটের দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ায় অবস্থিত কনস্ট্রাকশন ইয়ার্ডের স্টিল ট্রাস জেটি থেকে স্প্যানটি বহন করে পৃথিবীর সবচেয়ে বড় ভাসমান ক্রেন তিয়ান-ই রওনা দেয়। প্রায় ৩০ মিনিট পর কাঙ্ক্ষিত পিলারের কাছে পৌঁছে তিন হাজার ৬০০ টন সক্ষমতার ক্রেনটি।

প্রকৌশলী গণমাধ্যমকে জানান, ভাসমান ক্রেনটি যাতে অবস্থান করতে পারে সেজন্য পর্যাপ্ত গভীরতা আনতে এক সপ্তাহ আগে থেকেই ড্রেজিং করা হয়। এছাড়া পাড়ের মাটির অংশ কেটে ফেলা হয়। স্প্যানটি দুই পিলারের মধ্যবর্তী স্থানে অবস্থান করে সুবিধাজনক জায়গায় থেকে নোঙর করে। ছয়টি ক্যাবল (তার) এর মাধ্যমে নোঙর করার কাজটি সম্পন্ন হয়। এরপর পজিশনিং শেষে স্প্যানটিকে তোলা হয় পিলারের উচ্চতায়। রাখা হয় পিলারের বেয়ারিং-এর ওপর। এর মাধ্যমেই দৃশ্যমান হয় সেতুর পাঁচ হাজার ৭০০ মিটার।

এর আগে গত ১২ নভেম্বর বসানো হয় সেতুর ৩৭তম স্প্যান। মাত্র ৯ দিনের মাথায় বসানো হলো ৩৮তম স্প্যান। আর বাকি আছে মাত্র ৩টি স্প্যান। এ মাসে আরও ১টি স্প্যান ও আগামী ডিসেম্বরে ২টি স্প্যান বসানোর সিডিউল রয়েছে বলে জানা যায়। এইদিকে পদ্মা সেতুতে মোট ৪২টি পিলারে বসানো হবে এবং ৪১টি স্প্যান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading