‘প্রতিশোধের রাজনীতি গণতন্ত্রের জন্য সুখকর নয়’

‘প্রতিশোধের রাজনীতি গণতন্ত্রের জন্য সুখকর নয়’

উত্তরদক্ষিণ | শনিবার, ২১ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৭:৩০

আওয়ামী লীগ কখনও প্রতিশোধের রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘প্রতিশোধের রাজনীতি গণতন্ত্রের জন্য সুখকর নয়।’ শনিবার (২১ নভেম্বর) মিরপুর-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসি’র দোতলা বাস সার্ভিস উদ্বোধনকালে তিনি সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, ‘গণতন্ত্র একটি বিকাশমান প্রক্রিয়া। সব রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং পরিচর্যায় গণতন্ত্র বিকশিত হয়। কিন্তু দুঃখজনকভাবে বিএনপি গণতন্ত্রের কথা বললেও গণতন্ত্রকে এগিয়ে নিতে যে ভূমিকা দরকার, তা থেকে তারা অনেক দূরে অবস্থান করে।’ বিএনপি নির্বাচনে অংশ নেয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দাবি করে তিনি বলেন, ‘বিএনপি একদিকে গণতন্ত্রের কথা বলে, অপরদিকে নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালায়।’

আওয়ামী লীগ এ দেশের সবচেয়ে সহিষ্ণু রাজনৈতিক দল উল্লেখ করে ওবায়দুল কাদের মির্জা ফখরুলের উদ্দেশে বলেন, ‘আওয়ামী লীগ ১৯৭৫ এর ১৫ আগস্টের নির্মমতা দেখেছে, দেখেছে ৩ নভেম্বরের অমানবিকতা, গ্রেনেড হামলাসহ ২০ বারের মতো শেখ হাসিনাকে হত্যার অপপ্রয়াস চালাতেও দেখেছে। এ দেশের রাজনীতিতে সন্ত্রাসনির্ভরতা, ষড়যন্ত্র আর হত্যারজনক বিএনপি। তারা এটাই চর্চা করে চলেছে বলে দাবি করেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ জনগণের সংগঠন বলেই জনগণ সঙ্গে ছিল এবং আছে বলেও দাবি করেন তিনি।

সমালোচনা রুখতে নাকি সরকার বিরোধীদের গুম করছে, বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘এটা তাদের চিরাচরিত মিথ্যাচার। সমালোচনা করলে গুম করা হয় এমন কোনও তথ্য কি বিএনপির কাছে আছে?’ এ ধরনের তথ্য পরিহার করার জন্য বিএনপির প্রতি অনুরোধ জানান ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সমালোচনাকে ভয় পায় না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ গঠনমূলক সমালোচনা থেকে শিক্ষা নেওয়ার সৎ সাহস রাখে।’

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও রোগমুক্তি কামনা করেন ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী অদক্ষ গাড়ি চালক যেন কোনোভাবেই গাড়ির ড্রাইভিং সিটে না বসতে পারে সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে বলেন, ‘বাসের চালকসহ সব স্টাফদের বাধ্যতামূলক নির্ধারিত ড্রেস পরিধান করতে হবে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading