আবারও করোনা পজিটিভ চিত্রনায়ক ফারুকের
উত্তরদক্ষিণ | সোমবার, ২৩ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৪:৪৬
কালজয়ী নায়ক ও জাতীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক দ্বিতীয়বার করোনা পজেটিভ।
চিত্রনায়ক ফারুক সিঙ্গাপুর থেকে উন্নত চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন সম্প্রতি। কয়েকটা দিন ভালোই কাটছিল। কিন্তু ১৫ নভেম্বর তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এরপর তাকে পরদিন সন্ধ্যা ৬টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে করোনা আক্রান্ত নায়ক ফারুক জানান, শনিবার (২১ নভেম্বর) দ্বিতীয় দফায় তার করোনা পরীক্ষা করা হয়েছে। রোববার (২২ নভেম্ভর) রিপোর্ট হাতে এসেছে। সেখানেও পজিটিভ হয়েছেন তিনি। তবে তার সেবা ও দেখাশোনার জন্য সার্বক্ষণিক সঙ্গী হিসেবে থাকা এ অভিনেতার স্ত্রী ফারহানা ফারুকের করোনা নেগেটিভ এসেছে।
ফারুক বলেন, ‘বিষয়টা আজব। আমি খুব টেনশানে ছিলাম ওকে নিয়ে। সাধারণত করোনা রোগীদের সংস্পর্শে কাউকে আসতে দেয়া হয় না। কিন্তু ও আমার শরীরের কথা ভেবে আমার সঙ্গেই ছিলো। শনিবার তারও করোনা টেস্ট করা হয়েছে। ভয়ে ছিলাম ওরও পজিটিভ আসে কী না। অবাক করা ব্যাপার হলো ও করোনা নেগেটিভ। সবই আসলে আল্লাহর ইচ্ছা।’
ফারুক জানান, দ্বিতীয় দফায় করোনা পজিটিভ হলেও আগের চেয়ে অনেকটা ভালো আছেন তিনি। দোয়া চেয়েছেন সবার কাছে।
বাসায় থাকাকালীন বাবার দেখাশোনা করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ফারুকের মেয়ে ফারিহা তাবাসসুম পাঠান তুলসি। এই অভিনেতার পারিবারিক সূত্রে জানা গেছে, গত পাঁচদিন ধরে করোনায় আক্রান্ত তুলসি। করোনায় আক্রান্ত তার মেয়ে তুলসির জন্যও দোয়া চেয়েছেন এই অভিনেতা ও রাজনীতিবিদ।

