মাস্ক না পরলে ৫,০০০ টাকা জরিমানা?
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০ | আপডেট: ০৮:৫০
কোভিড-১৯ মহামারি প্রকোপ বৃদ্ধির মধ্যে নাগরিকদের মাস্ক পরা নিশ্চিত করতে প্রয়োজন হলে জরিমানার পরিমাণ বাড়িয়ে আরও বেশি সংখ্যায় মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (২৩ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠকে শেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমাদের বিভাগীয় কমিশনাররা জানিয়েছেন আরও এক সপ্তাহ দেখতে। বর্তমান জরিমানায়ও যদি মানুষ সচেতন না হয়, তাহলে আমাদেরকে আরও কঠোর শাস্তির দিকে যেতে হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় যুক্ত হন।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাগরিকদের মাস্ক পরার বিষয়টি আরও বেশি বেশি করে প্রচার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। মানুষকে মাস্ক ব্যবহারে বাধ্য করা করার কথা বলেছেন।
বিভাগীয় কমিশনাররা জানিয়েছেন রবিবার সারা দেশে কয়েক হাজার মানুষকে জরিমানা করা হয়েছে। এদিন শুধুমাত্র রাজধানীতে প্রায় ৩৫টি স্থানে ভ্রাম্যমাণ আদালত চালানো হয়েছে বলে জানান তিনি।
বিদ্যমান শাস্তিতে কাজ না হলে ভ্রাম্যমাণ আদালত বর্তমানের ৫০০ থেকে ১০০০ টাকার পরিবর্তে ৫০০০ টাকা জরিমানা করতে পারে জানিয়ে তিনি বলেন, হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ফের বাড়ছে।

