হাসপাতালে মরদেহ খুবলে খাওয়ার চেষ্টায় কুকুর!

হাসপাতালে মরদেহ খুবলে খাওয়ার চেষ্টায় কুকুর!

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৪:০৩

হাসপাতালের স্ট্রেচারে রাখা মরদেহ খুবলে খাওয়ার চেষ্টা করে যাচ্ছে কুকুর! হাসপাতালের ভেতরেই এমন দৃশ্য ভাবা যায়? সম্প্রতি সামাজিক মাধ্যমে ওই ঘটনার ভিডিও প্রকাশ হতেই চারদিকে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে ইন্ডিয়ার উত্তরপ্রদেশের একটি হাসপাতালে।

হাসপাতালে রোগীদের ঠিকমত সেবা না দেওয়ার অভিযোগ নতুন কিছু নয়। কিন্তু মরদেহের প্রতি এমন অবহেলা মেনে নেওয়ার মতো নয়। ঘণ্টার পর ঘণ্টা মরদেহ ফেলে রাখা হয়েছে। কুকুর সেই মরদেহ খুবলে খাওয়ার চেষ্টা করছে অথচ হাসপাতাল কর্তৃপক্ষের নজরেই আসেনি এই ঘটনা। মৃত মানুষের প্রতি কতটা অবহেলা করা হচ্ছে তা যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এই দৃশ্য। উত্তরপ্রদেশের সম্ভল জেলার একটি সরকারি হাসপাতালে এই ঘটনা ঘটেছে। একটি ছোট মেয়ের মরদেহ হাসপাতালের বাইরে ফেলে রাখা হয়েছিল। সড়ক দুর্ঘটনার পর ওই মেয়েটিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগে নাকি পরে তার মৃত্যু হয়েছে সে বিষয়টি এখনও নিশ্চিত নয়।

২০ সেকেন্ডের ওই ভিডিওটি প্রকাশ হতেই তা নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ওই মেয়েটির পরিবার হাসপাতালের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনেছে। হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে অবগত আছে বলে জানানো হয়েছে।

মেয়েটির বাবা চরন সিং সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, তার মেয়ের মরদেহটি প্রায় দেড় ঘণ্টা ধরে ফেলে রাখা হয়েছিল। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এর দায় নিতে অস্বীকৃতি জানিয়েছে।

তারা বলছে, সব আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছিল। মরদেহের ময়নাতদন্ত করার কথা ছিল কিন্তু মেয়েটির পরিবার তাতে রাজি হয়নি। তার পরিবার হয়তো মরদেহটি ফেলে রাখার পর এমন ঘটনা ঘটেছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।

তবে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন সামাজিক মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে। এএনআইএর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় এক সুইপার এবং এক ওয়ার্ড বয়কে বরখাস্ত করা হয়েছে।

হাসপাতালের এক কর্মকর্তা বলেন, এই ঘটনা তদন্তের পর এক সুইপার এবং ওয়ার্ডবয়ের বিরুদ্ধে অবহেলার প্রমাণ পাওয়া গেছে। অনেক মৃতদেহ একসঙ্গে আসায় এমন ঘটনা ঘটেছে। তাদের বরখাস্ত করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading