করোনাভাইরাসে আক্রান্ত আসাদুজ্জামান নূর
উত্তরদক্ষিণ | শুক্রবার, ০৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১০:৪১
কিংবদন্তি অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
গোলাম কুদ্দুছ বলেন, ‘বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাতে আসাদুজ্জামান নূরের কোভিড পজিটিভ ফল এসেছে।’
রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ইখতিয়ার আহমেদ বলেন, ‘গতকাল বিকেলের দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো।’
আসাদুজ্জামান নূর নীলফামারী-২ আসনের সংসদ সদস্য ছাড়াও বর্তমানে তিনি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
চারবারের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর ১৯৭২ সাল থেকে নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত থেকে বাংলাদেশের নাট্য আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করছিলেন সাম্প্রতিক সময়েও। এ পর্যন্ত দলের ১৫টি নাটকে ৬ শতাধিক বারেরও বেশি অভিনয় করেছেন তিনি; নির্দেশনা দিয়েছেন ‘দেওয়ান গাজীর কিসসা’ নাটকটি। তার অভিনীত টিভি নাটক ‘কোথাও কেউ নেই’ এর ‘বাকের ভাই’, ‘এই সব দিনরাত্রি’র ‘শফিক’, ‘অয়োময়’ নাটকের ‘ছোট মীর্জা’, ‘সবুজ ছায়া’র ‘ডাক্তার’ চরিত্রগুলো দর্শক মহলে আজও জনপ্রিয়।

