করোনায় বিশ্বব্যাপী একদিনে আরও ৯ হাজার ৩৩৫ জনের মৃত্যু
উত্তরদক্ষিণ | রবিবার, ০৬ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১২:৪২
সংক্রমণ বৃদ্ধি এবং একইসাথে ক্রমবর্ধমান মৃত্যুর মিছিলের মধ্য দিয়ে প্রতিনিয়ত যেন আরও ভয়াবহ হয়ে উঠছে করোনাভাইরাস।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, রবিবার (০৬ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৫ লাখ ২৮ হাজার ৩১২ জনে। শনিবার সকাল পর্যন্ত এ সংখ্যা ছিল ১৫ লাখ ১৮ হাজার ৯৭৭ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বব্যাপী মারা গেছেন ৯ হাজার ৩৩৫ জন।
এছাড়া করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ৬৪ লাখ ৮৫ হাজার ৬৫১ জনে।
জেএইচইউ এর তথ্য অনুযায়ী- করোনা থেকে বিশ্বব্যাপী এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ কোটি ২৭ লাখ ৪৫ হাজার ৪০৪ জন।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা। এ পর্যন্ত দেশটিতে এক কোটি ৪৫ লাখ ৮০ হাজার ১৪৪ জন করোনায় আক্রান্ত এবং ২ লাখ ৮১ হাজার ১৭৩ জন মৃত্যুবরণ করেছেন।
পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ইন্ডিয়া রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে এবং মৃত্যু নিয়ে আছে তৃতীয় অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।
দক্ষিণ এশিয়ার দেশ ইন্ডিয়ায় মোট আক্রান্ত প্রায় ৯৬ লাখ ৭ হাজার ২১১ জন এবং মারা গেছেন ১ লাখ ৩৯ হাজার ৭০০ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৬৫ লাখের বেশি এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৬২৮ জনের।

